
বকেয়া বেতনের দাবিতে শিক্ষকেরা তিন দিন ধরে অবরুদ্ধ করে রেখেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীকে। গতকাল বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপাচার্যের কক্ষের সামনে ৯২ জন শিক্ষক অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। গতকাল তৃতীয় দিনের মতো তাঁরা কর্মসূচি পালনে অনড় ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ ও হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক শাহীনুর রহমানকে গতকাল স্যালাইন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহামঞ্চদ আলী জানান, উপাচার্য তাঁর কক্ষে তিন দিন ধরে অবরুদ্ধ থাকায় গতকাল অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নিলুফার বানু প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য স্যারের রক্তচাপ বেড়ে গেছে। গতকাল তাঁর রক্তচাপ রেকর্ড করা হয় ১৮০ ও ১১০। স্যারের ডায়াবেটিসও রয়েছে।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে উপাচার্য নূর-উন-নবী বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন দেওয়ার চেষ্টা করা হবে। বিষয়টি আন্দোলনরত শিক্ষকদের জানানোও হয়েছে। কিন্তু এর পরও তাঁরা আন্দোলন অব্যাহত রেখেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষকদের একজন কম্পিউটার সায়েন্স বিভাগের ফরিদ-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিবৃতি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির নেতারা দ্রুত সংকটের সমাধানের দাবি জানিয়েছেন।