অবরুদ্ধ ঢাকার একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে জাহানারা ইমাম ছিলেন অবরুদ্ধ ঢাকায়। তাঁর সন্তান রুমি বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধ করেন, মৃত্যু হয় পাকিস্তানি সেনাদের হাতে। যুদ্ধের শেষ পর্যায়ে তিনি তাঁর স্বামীকে হারান। তাঁর একাত্তরের দিনগুলি বইটি মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ ঢাকার এক অনুপম দিনপঞ্জি। এখানে রইল তাঁর ১৩ ডিসেম্বরের দিনলিপি:

আজ আটটা-দুটো কারফিউ নেই। আমার বাজার ও রান্না দুই-ই সারা আছে, তবু শরীফের কথামতো আরো চাল, ডাল, লবণ, তেল, বিস্কুট ইত্যাদি কেনার জন্য বাজারে বেরুলাম। সব রিকশাই বোঁচকা-বুঁচকি-সুটকেসসহ যাত্রী নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কোথায় ছুটছে কে জানে। বেশ খানিকটা হেঁটে একটা খালি রিকশা পেলাম। ওই রিকশা নিয়েই বাজার সেরে বাসায় আসতে আসতে বারোটা।

আমি দুহাতে ডাল ও গোশতের বাটি তুলে প্যান্ট্রিতে রেখে আবার এ ঘরে আসতেই দেখি, রেডিও বগলে শরীফ গুটিগুটি সিঁড়ি দিয়ে উঠেছে। তার পিছু পিছু জামী। আগস্ট মাসে পাক আর্মি ওর ওপর যে টর্চার করেছিল, তারপর থেকে ওর শরীরটা আর আগের মত নেই। যদিও অফিস করছে, আমার সঙ্গে পাগলা বাবার বাসায় যাচ্ছে, টেনিস খেলছে, শত্রুর নাকের ডগায় বসে বিপজ্জনক কাজ-কারবারের বিলি-বন্দোবস্ত চালিয়ে যাচ্ছে, তবু ক্রমাগত ওঁর ওজন কমে যাচ্ছে।

গোসল সেরে বেডরুমে পা দিয়েই চমকে গেলাম। শরীফ ছোবড়ার গদির ওপরে এলোমেলোভাবে উবুড়

হয়ে শুয়ে রয়েছে। ছুটে ওর কাছে গিয়ে বললাম, ‘কী হয়েছে?’

শরীফ খুব আস্তে বলল, ‘বুকে ব্যথা করছে। নিশ্বাস নিতে  পারছি না।’

পিঠে হাত দিয়ে দেখলাম ঘামে গেঞ্জি-শার্ট ভিজে সপ্সপ্ করছে।

ফোন তুলে ডা. এ কে খানকে ডাকলাম। উনি সঙ্গে সঙ্গে ওঁর ডাক্তারি ব্যাগ নিয়ে চলে এলেন।

ব্যাগ থেকে একটা অ্যামপুল বের করে শরীফকে ইনজেকশন দিলেন। তারপর বললেন, ‘এটা ওর প্রথম হার্ট এ্যাটাক। এটার জন্য যে ওষুধ দরকার, তা আমার কাছে ছিল, দিয়েছি। কারো কারো দ্বিতীয় হার্ট অ্যাটাক খুব তাড়াতাড়ি হয়। সে রকম হলে আমার কাছে আর ওষুধ নেই। সুতরাং সময় থাকতে হাসপাতালে রিমুভ করাই ভালো।’

এখন বিকেল পাঁচটা। এলিফ্যান্ট রোডের নির্জন রাস্তা দিয়ে এম্বুলেন্স ছুটে চলেছে। শরীফকে পিজির তিনতলায় ইনটেনসিভ কেয়ার ওয়ার্ডের সামনে তোলা হয়েছে। ইনটেনসিভ কেয়ার ওয়ার্ডের ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয়দের স্পেশাল কেয়ার নেওয়ার নির্দেশ দিয়ে পিজির ডিরেক্টর অধ্যাপক নুরুল ইসলাম দোতলায় নেমে গেলেন। দোতলার কেবিনগুলোতে পিজির অনেক ডাক্তার সপরিবারে এসে উঠেছেন। অধ্যাপক ইসলামও তাঁর ফ্যামিলি নিয়ে একটা কেবিনে আছেন।

শরীফকে তার পরিষ্কার চাদরপাতা বেডে তোলা হয়েছে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমি আমার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালাতেই ডাক্তার হাঁ হাঁ করে উঠলেন, ‘বন্ধ করুন। নিচে গার্ডরা দেখলে চিল্লাচিল্লি করবে।’

আমি হকচকিয়ে মোমবাতি নিভিয়ে বললাম, ‘কিছু যে দেখা যাচ্ছে না, কাজ করবেন কী করে?’

‘টর্চ আছে? টর্চ থাকলে দিন।’ অন্য একজন ডাক্তার বললেন, ‘গার্ডগুলো এমন হারামি না, বাতি দেখলেই ওপর মুখ করে গুলি ছুড়ে বসে।’

শরীফ বলল, ‘আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অক্সিজেন...’

অক্সিজেন সিলিন্ডার একটা নিয়ে এল ওয়ার্ডবয়। কিন্তু সিলিন্ডারের মুখের প্যাঁচ খোলার রেঞ্চটা আনেনি। ‘রেঞ্চ কই? রেঞ্চ আনো, শিগগিরই।’ একজন ডাক্তার চেঁচিয়ে উঠলেন। ‘রেঞ্চ তো স্যার দুই তলায় নিয়া গেছে?’ অন্ধকারে সাবধানে হোঁচট বাঁচিয়ে ওয়ার্ডবয়টা দৌড়াল।

একজন ডাক্তার হঠাৎ এ কে খানকে বলল, ‘স্যার, পেশেন্টকে পাশের ছোট ঘরটাতে নিয়ে যাই, ওখানে জানালা নেই, মোমবাতি জ্বালানো যাবে ওখানে ডিফিব্রিলেটার মেশিনটা আছে।’

শরীফকে স্ট্রেচারে তুলে টর্চের আলোয় পাশের ছোট ঘরে নেওয়া হল। এখানে এসে একটা মোমবাতি জ্বালালাম। শরীফকে বেডে তোলা হল। আমি ফোনের খোঁজে দরজা দিয়ে বারান্দায় এসে নিশ্ছিদ্র অন্ধকার দেখে হতাশ হয়ে আবার ঘরের ভেতর ঢুকে তাকিয়েই আঁতকে উঠলাম। পিজির কর্তব্যরত ডাক্তার দুজন শরীফের বেডের দুপাশে দাঁড়িয়ে হাতে করে কার্ডিয়াক ম্যাসাজ দিচ্ছেন। আমি এ কে খানকে জিগ্যেস করলাম, ‘মেশিনটা? মেশিনটা লাগাচ্ছেন না কেন?’

শরীফের বুকে হাতের চাপ দিতে দিতে একজন ডাক্তার বললেন, ‘লাগাব কী করে? হাসপাতালের মেইন সুইচ বন্ধ। ব্ল্যাক আউট যে।’

জাহানারা ইমাম