অবরুদ্ধ বগুড়ায় শতাধিক যান ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকাল থেকে বগুড়া শহর অবরুদ্ধ করে রাখেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
এ সময় কয়েকটি গ্যারেজে আগুন দিয়ে অর্ধশতাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সড়ক-মহাসড়কে অর্ধশতাধিক মালবোঝাই ট্রাক ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি ট্রাকে অগ্নিসংযোগও করা হয়। বিভিন্ন স্থানে রেললাইনের প্যান্ডেল ক্লিপ ও ফিশ বোল্ট খুলে নাশকতার চেষ্টা করা হয়।
সন্ধ্যায় শহরের দোকানপাট বন্ধ করে দেয় পুলিশ। সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক হয়ে থানা মোড় পর্যন্ত লাঠিপেটা করে লোকজনকে তাড়িয়ে শহর ফাঁকা করে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
স্থানীয় ব্যক্তিরা জানান, ১৮-দলীয় জোটের ছয় দিনের টানা অবরোধ শেষ হওয়ার কথা ছিল শুক্রবার সকাল ছয়টায়। স্বাভাবিক হওয়ার কথা ছিল জনজীবন। কিন্তু হরতাল-অবরোধের মতো কর্মসূচি না থাকলেও গতকাল ছুটির দিনে অবরুদ্ধ থাকতে হয় শহরবাসীকে। উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কে কাটাতে হয়েছে সারা দিন। শহরজুড়ে ছিল অঘোষিত কারফিউ। ভয়ে দোকানপাট খুব একটা খোলেনি। রাস্তাঘাট ফাঁকা ছিল।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল দীর্ঘ মহাসড়ক থেকে গাছ ও খুঁটি সরানোর কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল থেকে বিভিন্ন গ্যারেজে হামলা চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ করেন।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার আশঙ্কায় সন্ধ্যার পর সাতমাথা এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়।
ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, যানবাহনে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-রংপুর মহাসড়কের কয়েক কিলোমিটার অংশজুড়ে গাছ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। সদর উপজেলার চণ্ডিহারা মাঝিপাড়া এলাকায় মহাসড়কের বেশ কিছু অংশ কেটে ফেলা হয়।
এ ছাড়া গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলে বগুড়া-নওগাঁ, বগুড়া-নাটোর, বগুড়া-জয়পুরহাট ও বগুড়া-রংপুর-দিনাজপুর সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল দুপুর ১২টায় শহরের চারমাথা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের গ্যারেজে অগ্নিসংযোগ করা হয়। এতে ১২টি গাড়ি পুড়ে যায়।
বেলা একটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের তেলীপুকুর এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে আকিজ গ্রুপের আঞ্চলিক বিপণন কার্যালয়ের গ্যারেজে অগ্নিসংযোগ করা হয়। এতে আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ ও ঢাকা টোব্যাকো কোম্পানির অন্তত ৩৪টি যানবাহন পুড়ে যায়। একই সময়ে শাজাহানপুর উপজেলার ফুটকি সেতু এলাকায় মহাসড়কে আটকে পড়া পণ্যবাহী প্রায় অধর্শত ট্রাকে হামলা-ভাঙচুর করা হয়। মালবোঝাই দুটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। বিকেলে মহাসড়কের মোকামতলা ও বগুড়া-নাটোর মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বগুড়া রেলের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, সান্তাহার-লালমনিরহাট রেলপথের সদর নাড়ুয়ামালা এলাকায় রেললাইনের ৩৫০টি প্যান্ডেল ক্লিপ ও সাতটি ফিশ বোল্ট খুলে ফেলা হয়। রেললাইনের ওপর গাছও ফেলা হয়। কাহালু-পাঁচপীর এলাকায় ৩০০ প্যান্ডেল ক্লিপ খুলে ও রেললাইনের মাটি কেটে ফেলা হয়। কাহালু ও বগুড়া স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনে গাছ ফেলা হয়। বগুড়ার স্টেশনমাস্টার নজরুল ইসলাম জানান, গতকাল সারা দিন ট্রেন চলাচল বন্ধ ছিল।
এদিকে সকাল থেকেই শহরের তিনটি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ ছিল।