রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুইটিলা এলাকায় বৌদ্ধবিহার নির্মাণসহ তিন দফা দাবিতে গতকাল মঙ্গলবার থেকে দীঘিনালা-মারিশ্যা সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রেখেছেন আদিবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরসহ দেশের অন্যান্য এলাকায় যাতায়াতের একমাত্র পথ দীঘিনালা-মারিশ্যা সড়ক অবরোধ করে রাখায় গতকাল সকাল থেকেই বাঘাইছড়ি উপজেলা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। যৌথ বাহিনী বিরোধপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে। উপজেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন আসা-যাওয়া করেনি। উপজেলা সদরেও যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং সরকারি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল কম ।
আদিবাসী, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি আদিবাসীরা দীঘিনালা-মারিশ্যা সড়কের পাশে দুইটিলা এলাকায় একটি বৌদ্ধবিহার নির্মাণের উদ্যোগ নেয়৷ এ নিয়ে কয়েক দিন ধরে আদিবাসীদের সঙ্গে বন বিভাগ, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের বিরোধ চলছে৷ গত ৩০ এপ্রিল ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয় এবং সরকারি সম্পদ অবৈধ দখল চেষ্টার অভিযোগে বন বিভাগের বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা সুধাংশু শেখর দাস বাদী হয়ে আদিবাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে৷
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার দীঘিনালা উপজেলা মিলনায়তনে আদিবাসীদের সঙ্গে বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকে অংশ নেওয়া বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী আদিবাসীদের সঙ্গে সমঝোতা হওয়ার দাবি করে বলেন, ওই এলাকাটি বন বিভাগের। সে কারণে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিহার নির্মাণের আবেদন করার কথা বলা হয়েছে৷ সেটা আদিবাসীদের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু কেন আবার অবরোধ ডাকা হলো, তা তাদের সঙ্গে কথা বলে জানতে হবে৷
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারশি চাকমা সমঝোতা হওয়ার দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘আজও (গতকাল) অবরোধকারীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা দাবি করে বলেছেন, একসময় ওই জায়গায় জনবসতি ছিল। তা ছাড়া, বন বিভাগের জায়গায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পসহ নানা স্থাপনা থাকলেও বন বিভাগ শুধু বৌদ্ধবিহার নির্মাণে কেন বাধা দিচ্ছে।’
আন্দোলনরত এক আদিবাসী বলেন, ‘আমাদের প্রধান দাবি ১৪৪ ধারা প্রত্যাহার, বিহার নির্মাণে বাধা না দেওয়া এবং আমাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা। এসব দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে।’
বাঘাইছড়ি থানার ওসি মো. আজিজুর রহমান জানান, অবরোধ চলাকালে কোনো অঘটন ঘটেনি। গাড়ি চলাচলও তেমন ছিল না।