অবরুদ্ধ সাতক্ষীরা
সাতক্ষীরায় জেলা সদরের সঙ্গে প্রায় সব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা চার দিনের হরতালে পিকেটাররা বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে, সড়ক কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে জেলা সদরের বাইরে সহিংসতা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। সাধারণ মানুষের মতো তারাও একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে।অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স্বাভাবিক কাজে বাধার সৃষ্টি করতে হরতাল-সমর্থকেরা এই কৌশল নেয়।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সাতক্ষীরায় জামায়াতের অর্ধদিবস হরতাল ছিল। দলের নেতা-কর্মীরা শুক্রবার রাত থেকে জেলা শহরের সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করার কৌশল নেন। এর অংশ হিসেবে রাত থেকেই জেলার প্রধান প্রধান সড়কের ওপর গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলা হয়। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে সড়ক কেটে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা-খুলনা সড়কের গোপীনাথপুর, বেনেরপোতা, সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা, ছয়ঘরিয়া, অন্যের মোড়, মাধবকাটি, ঝাউডাঙ্গা, যুগিবাড়ি, হেলাতলা এলাকায়, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, ধুলিহর, চাঁদপুর, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলীপুর, কুলিয়া, গাজীরহাট, দেবীশহর, হাদিপুর, নলতা, ভাড়াশুিলিয়া, কালীগঞ্জ-শ্যামনগর সড়কের মৌতলায় গাছ কেটে ও পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। সাতক্ষীরা-ভোমরা, সাতক্ষীরা-বৈকারি, সাতক্ষীরা-ঘোনা, মাধবকাটি-চুপড়ে, ঝাউডাঙ্গা-মুকুন্দপুর, কলারোয়া-সরসকাটি, কলারোয়া-বেলেডাঙ্গা, নলতা-তারালি, নলতা-শোলপুর, কালীগঞ্জ-উজিরপুর সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ জানান, উপজেলার প্রধান ও সংযোগ সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলায় তাঁদের চলাচল সীমিত হয়ে পড়ে। নলতা এলাকায় কয়েক হাজার গাছ কেটে প্রতিবন্ধক সৃষ্টি করায় পুলিশ ও বিজিবির চলাচল সীমিত হয়ে পড়ে। এ সুযোগে জামায়াত-শিবির বিভিন্ন স্থানে সহিংসতা চালায়।