অবরুদ্ধ সড়ক, দুর্ভোগ সীমাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণাধীন মগবাজার–মৌচাক ফ্লাইওভারের নিচের সড়কগুলোর বিভিন্ন স্থানে ভাঙা। অনেক স্থানে রয়েছে গর্ত, বিপজ্জনকভাবে বেরিয়ে আছে রড। ছবিটি গতকাল দুপুরে মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা l আবদুস সালাম
নির্মাণাধীন মগবাজার–মৌচাক ফ্লাইওভারের নিচের সড়কগুলোর বিভিন্ন স্থানে ভাঙা। অনেক স্থানে রয়েছে গর্ত, বিপজ্জনকভাবে বেরিয়ে আছে রড। ছবিটি গতকাল দুপুরে মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা l আবদুস সালাম

হলি ফ্যামিলি হাসপাতালের পাশ থেকে মগবাজার মোড় পর্যন্ত প্রায় চার ফুট চওড়া গর্ত খোঁড়ার কারণে কাকরাইল মোড় পর্যন্ত পুরো এলাকা যানজটে অবরুদ্ধ থাকছে। রমনা থানার পাশ থেকে মগবাজার উড়ালসড়কে উঠতে গিয়েও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। খোঁড়াখুঁড়ির কারণে উড়ালসড়কের নিচের সড়কে ফাটলও ধরেছে। ঝুঁকির মুখে পড়েছে সদ্য নির্মিত উড়ালসড়ক। খোঁড়া হয়েছে মগবাজার মোড় থেকে পশ্চিম দিকে বিশাল সেন্টার পর্যন্ত সড়কের এক পাশ দিয়ে। ফলে মালিবাগ মোড় পর্যন্ত যানজটে অচল হয়ে থাকছে সড়কটি।
গত বৃহস্পতিবার এলাকায় গিয়ে জানা যায়, সকাল থেকে রাত নয়টা পর্যন্ত এই এলাকায় ভয়াবহ যানজট ছিল। এমনকি গতকাল শুক্রবার ছুটির দিনও এলাকায় যানজট ছিল। এর মধ্যে কাকরাইল মোড় থেকে মগবাজার মোড় পর্যন্ত সড়কের বিভাজকের মাঝখানের কাটা অংশ বেশির ভাগই বন্ধ করে দেওয়া হয়েছে।
গত এক সপ্তাহের বেশি সময় এলাকায় খোঁড়াখুঁড়ি করছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। সেখানে ১৩২ কেভি বিদ্যুৎ কেব্ল বসানো হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, ডিপিডিসির জরুরি কাজের জন্য খোঁড়াখুঁড়ির অনুমতি দেওয়া হয়েছে। তবে ডিপিডিসির স্থানীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে কাকরাইল মোড় এলাকায় গিয়ে দেখা যায়, গাড়ি আর গাড়ি। রমনা পার্কের প্রান্ত থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়, রাজমণি মোড় থেকে পশ্চিম বরাবর প্রধান বিচারপতির বাসভবন এলাকা মোড়, উত্তর দিকে মগবাজার মোড় পর্যন্ত শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়কের সর্বত্রই শুধু গাড়ি আর গাড়ি। কখনো থেমে আছে, কখনো চলছে শম্বুকগতিতে। কাকরাইল মোড় থেকে মগবাজার মোড় পর্যন্ত দুই প্রান্তে যতগুলো বিভাজক ছিল, প্রধান সড়কের দুটি ছাড়া সবই বন্ধ। এর মধ্যে একটি হচ্ছে বেইলি রোড যাওয়ার পথে, অন্যটি পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে। সিদ্ধেশ্বরী এবং বেইলি রোড ভিকারুননিসা স্কুলের দিক থেকে রমনা থানার পাশ দিয়ে প্রধান সড়কে আসা যায়, কিন্তু মগবাজারের দিকে যেতে হলে আবার দক্ষিণ দিকে ঘুরে পুলিশ কমিশনার কার্যালয়ের পাশ দিয়ে আসতে হয়। এসব কারণে সেখানে যানজট আরও ভয়াবহ হয়েছে।
এলাকায় যাতায়াতকারী গাড়ির চালকেরা নিজেদের মধ্যেই যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করছিলেন। সিএনজিচালিত অটোরিকশার একজন চালক বললেন, যানজট হলে তাঁদের খুব লোকসান হয়। ওয়েটিং ভাড়া বাবদ মিটারে যে টাকা ওঠে গাড়ি চলাচল করলে তার চেয়ে অনেক বেশি হয়।
গতকাল শুক্রবার বিকেলেও প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা হয়ে হলি ফ্যামিলি হাসপাতালের পাশ কেটে উড়ালসড়কের প্রবেশপথেও যানজট। পদ্মার সামনে রাস্তার অপর পাড়ে প্রায় ছয় ফুট উঁচু বিশাল ১০টি চাকা রাখা হয়েছে। চাকার মাঝে মোটা বৈদ্যুতিক কেব্ল রাখা। উড়ালসড়কের ঢোকার মুখে খোঁড়া রাস্তায় ভাঙা পিচ খণ্ড বসিয়ে দেওয়া হয়েছে। এরপরই আনুদীপ সিএনজি স্টেশনের সামনে প্রায় চার ফুট চওড়া গর্ত করে গর্তের মাটি রাখা হয়েছে উড়ালসড়কের ওপর। ফলে উড়ালসড়কের প্রবেশপথ সংকীর্ণ হয়ে গেছে।
পুরো এলাকাই অনেকটা অরক্ষিত অবস্থাতেই রয়েছে। আনুদীপের পাশে উড়ালসড়কের নিচের রাস্তায় ফাটলও দেখা যায়। সেখানে রাস্তার ওপর মাটির স্তূপ, পড়ে আছে ব্লকের অংশও। তার মধ্যেই চলাচল করতে হচ্ছে গাড়ি ও পথচারীকে। আনুদীপ স্টেশনে গ্যাস নিতে আসা গাড়ির লম্বা সারি। একজন কর্মচারী বলেন, রাস্তা খোঁড়ায় যানজট অনেক বেড়ে গেছে। যানজট মগবাজার রেলক্রসিং, এফডিসির মোড় সব জায়গায়।
একই রকম অবস্থা ছিল মগবাজার মোড় থেকে মালিবাগ পর্যন্ত শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কের দক্ষিণ পাশেও। এ প্রান্তে উড়ালসড়ক নির্মাণের কাজ চলছে। ফলে এমনিতেই সড়কে যানবাহন চলে ধীরগতিতে। তার ওপর খনন করায় রাস্তা আরও সংকীর্ণ হয়ে গেছে। একটি করে কোনোমতে চলতে পারছে। ফলে লম্বা সারি পড়ে যাচ্ছে। যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড দুর্ভোগ বেড়েছে।