বান্দরবানে অপহৃত আওয়ামী লীগের নেতা মংপু মারমাকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করা যায়নি। এদিকে তাঁকে উদ্ধারের দাবিতে বান্দরবানের চার উপজেলায় আওয়ামী লীগের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি আজ শুক্রবার থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবরোধ চলাকালে গতকালও যানবাহন চলাচল করেনি। গতকাল বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙামাটি সড়ক ও জেলা শহর থেকে উপজেলাগামী সড়কগুলোর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সারা দিন অবস্থান নেন। জেলা শহরেও কোনো যানবাহন চলাচল করেনি।
রিকশাচালক জসীম উদ্দিন বলেন, ‘এত দিন দেখেছি বিরোধী দল সরকারের বিরুদ্ধে হরতাল-অবরোধ করে। এখন দেখছি সরকারি দলও সরকারের বিরুদ্ধে অবরোধ করে।’
সুয়ালক থেকে ১২ কিলোমিটার হেঁটে বান্দরবান শহরে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, ছোট-বড় সব ধরনের যানবাহন না থাকায় শত শত মানুষকে হেঁটে চলাচল করতে হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, আজ থেকে অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত থাকবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, অপহৃত মংপু মারমাকে উদ্ধারে অভিযান চলছে। তিনি জানান, অপহরণের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উচসিং মারমা, মেহ্লাচিং মারমা, শৈক্যচিং, সাদুচিং ও বাচিংমং মারমা।
গত সোমবার অস্ত্রধারী ব্যক্তিরা রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মারমাকে অপহরণ করে।