অবরোধ ডাকা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আগাম নোটিশ না দিয়ে হরতাল আহ্বান কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল দেন। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে হরতাল ও অবরোধ ডাকার ক্ষেত্রে যৌক্তিক বাধানিষেধ আরোপে সরকারের অংশবিশেষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। শুনানিকালে আদালত বলেন, কেউ হরতাল আহ্বান করতে পারে, তবে তা পালনে কাউকে বাধ্য করা যাবে না।
হরতাল ও অবরোধে যৌক্তিক বাধানিষেধ আরোপে সরকারের নিষ্ক্রিয়তা, ক্ষতিপূরণসহ কয়েকটি বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ গত বৃহস্পতিবার রিটটি করে। এতে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, অর্থসচিব, বাণিজ্যসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তথ্যসচিব, শিল্পসচিবসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে বিবাদী করা হয়েছে।
রিটের ওপর রোববার ও গতকাল শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
শুনানিতে কামরুল হক সিদ্দিকী বলেন, হরতাল ও অবরোধের কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি মৌলিক অধিকার আরেকটি মৌলিক অধিকারের বিরুদ্ধে যাচ্ছে। এ জন্য তাঁরা উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন। শুনানি নিয়ে আদালত বলেন, রুল দেওয়া হচ্ছে, চার সপ্তাহের জন্য।
ক্ষতিগ্রস্ত সদস্যদের ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না, ক্ষতিগ্রস্ত সদস্যদের নাম ঋণখেলাপি হওয়া-সংক্রান্ত ক্রেডিট ইনভেস্টিগেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় অন্তর্ভুক্ত করা আপাতত স্থগিতের কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়েও রুল হয়েছে।
আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত সদস্যদের ব্যাংক সুদ মওকুফ করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ন্যূনতম ১২ বছরের জন্য ঋণ পুনঃতফসিল করার নির্দেশ কেন দেওয়া হবে না—এ বিষয়েও রুল হয়েছে।
ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে হরতাল বা অবরোধ ডাকা হচ্ছে। এই কর্মসূচির সংবাদ প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। এতে মানুষের চলাফেরার স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে এবং সহিংস ঘটনা ঘটছে। হরতাল বা অবরোধ কর্মসূচির ঘোষণা প্রচার বা প্রকাশ অপরাধের উসকানি হিসেবে কাজ করে কি না, নাকি এটি গণমাধ্যমের স্বাধীনতা, তা খতিয়ে দেখে যদি উসকানিমূলক হয়, তাহলে গণমাধ্যমে এরূপ ঘোষণা প্রচার ও প্রকাশ করা থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল হয়েছে।