অবরোধ তুলে নেওয়ায় আবার স্বাভাবিক শাটল ট্রেনের চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নবগঠিত কমিটির পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীদের অবরোধ স্থগিত করার পর শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার থেকে আগের নিয়মে শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায় শাটল ট্রেন।
ষোলশহর রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে গত বুধ ও বৃহস্পতিবার ট্রেন চলাচল করতে পারেনি। অবরোধ না থাকায় শনিবার থেকে যথারীতি ট্রেন চলাচল করছে।
১৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি এবং শিবির ও ছাত্রদলের কর্মীরা পদ পেয়েছেন—এমন অভিযোগ এনে ক্যাম্পাসে লাগাতার অবরোধ ডাকেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। গত বুধবার শাটল ট্রেনের চালককে আটকে রাখা হয়। এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।