বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ অব্যাহত থাকলেও পূর্বঘোষিত ২ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা নেবে সরকার। তবে পরীক্ষার দিন হরতাল থাকলে ওই দিনের পরীক্ষা পেছানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে জানান, এ সিদ্ধান্ত পরীক্ষার আগের দিন ঘোষণা করা হবে। এর আগ পর্যন্ত হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হতে থাকবে।
এদিকে চলমান পরিস্থিতিতে এ পরীক্ষা নিয়ে ১৪ লাখের বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বেগের মধ্যে আছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল নিজ মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় পরীক্ষার আগেই অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও, ভীতি সৃষ্টিকারী কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার জন্য এখন একটাই বিকল্প, এসব কর্মসূচি বন্ধ করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। পরীক্ষা বাধাগ্রস্ত করার জন্য কোনো ষড়যন্ত্র সফল হবে না। পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। এবার প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যা যা করার, তা-ই করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে কি না, তা নিয়ে তাঁরাও উদ্বেগে আছেন। কারণ, কোথাও কোনো ‘অঘটন’ ঘটলে তার দায়দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আবার এ পরীক্ষা ঠিক সময়ে না নিলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে। পরীক্ষা পেছালে বিদ্যালয়ের পাঠদানের ওপর প্রভাব পড়বে। কারণ, যেসব বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র থাকে, সেগুলোতে ক্লাস হয় না। তাঁরা বলেন, কয়েক বছর ধরে নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। কারণ, তখন টানা অবরোধ ছিল না। ছিল হরতাল। হরতালের কারণে পরীক্ষা পেছালে শুক্র ও শনিবার পরীক্ষা নিয়ে তা পুষিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার অবরোধ থাকলে বন্ধের দিনেও পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এ রকম পরিস্থিতিতে অবরোধের মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার লক্ষ্যে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনানুষ্ঠানিক পত্র (ডিও) দিয়েছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। পাশাপাশি এই পরীক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জেলা প্রশাসকদের সমন্বয়ে সভা করার ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র থানা বা ট্রেজারি থেকে পরীক্ষাকেন্দ্রে নেওয়ার সময় পাঁচজনের বেশি পুলিশ ফোর্স দেওয়া হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি মুদ্রণালয়সহ (বিজি প্রেস) প্রশ্নপত্র ফাঁসের সম্ভাব্য স্থান ও ব্যক্তিদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটের কোনো লিংকে দেওয়া হলে সঙ্গে সঙ্গে তা বন্ধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ২০-দলীয় জোট ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেলের পরীক্ষাকে অবরোধ ও হরতালের আওতামুক্ত করেছিল। কয়েক হাজার শিক্ষার্থীর জন্য যদি তা করা হয়, তাহলে দেশের অন্যতম পাবলিক পরীক্ষা এসএসসিকেও হরতাল-অবরোধের আওতামুক্ত করা হবে বলে তাঁরা আশা করছেন।
তবে বিএনপির সূত্রগুলো বলছে, পরীক্ষার জন্য অবরোধ শিথিল বা প্রত্যাহার করার কোনো সিদ্ধান্ত এখনো নেই।
অবরোধ থাকলে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, ‘এ রকম পরিস্থিতিতে আমরা খুবই উদ্বেগে আছি। অবরোধের মধ্যে পরীক্ষা হলে আমাদের কারও সন্তান যদি দুর্ঘটনার শিকার হয়, তাহলে িক বিএনপি বা আওয়ামী লীগ এর দায়িত্ব নেবে? তাই আমরা চাই, নির্বিঘ্নে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, সে রকম পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য পরীক্ষার আগেই দুই পক্ষকে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় আসতে হবে।’
পরীক্ষার বিভিন্ন তথ্য জানাতে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।