টানা সাত দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবরোধের কর্মসূচি পালন করার পর দুই সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। দাবিদাওয়া মেনে নেওয়ার ব্যাপারে উপাচার্যের আশ্বাসের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা এ ঘোষণা দেন৷
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের নগরের বাসায় তাঁর সঙ্গে বৈঠকে বসেন অবরোধকারী অংশের নেতারা।
বৈঠক শেষে অবরোধকারী অংশের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য মহোদয় আমাদের দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা দুই সপ্তাহের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেছি। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচলে আমাদের পক্ষ থেকে আর কোনো বাধা থাকবে না।’
তবে আজ বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শাটল ট্রেন ছাড়বে না বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাল (বুধবার) আলোচনায় বসব। তাদের আমরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে জানাব। হয়তো বৃহস্পতিবার থেকে শাটল ট্রেন চলাচল করবে।’
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা নাসির হায়দার। এ ঘটনার পর থেকে তাঁর অনুসারীরা জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন৷ পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ আট দফা দাবি পূরণের জন্য ৫ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত বুধবার সকালে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক
দেন৷