অবরোধে অচল ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের একাংশের অবরোধে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবারও কার্যত অচল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শাটল ট্রেনের হুসপাইপ কেটে ও চালকের ওপর হামলা করে ট্রেন আটকে দেওয়া, বিভিন্ন জায়গায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া, বাসচালকদের হুমকি দিয়ে বাস চলাচলে বাধাসহ নানা রকম ধ্বংসাত্মক কাজ বুধবারের মতো কালও অব্যাহত ছিল।
এতে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি কোনো শাটল ট্রেন, বিশ্ববিদ্যালয় থেকে নগরে আসতে পারেনি কোনো শিক্ষক-বাসও। ফলে শিক্ষক-শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে কালও হয়নি কোনো ক্লাস-পরীক্ষা।
ষোলশহর স্টেশন সূত্র জানায়, অবরোধের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে অবস্থানরত শাটল ট্রেনের নয়টি হুসপাইপ কেটে দেন অবরোধকারীরা। সকাল সাতটা ৫০ মিনিটে এই ট্রেনটির বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে স্টেশন ছাড়ার কথা ছিল। পরে সকাল সাড়ে নয়টার দিকে হুসপাইপ ঠিক করে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করলে নগরের হামজারবাগ এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা লাল কাপড় দেখান। এতে ট্রেনের চালক ট্রেন চলাচল ধীরগতি করলে এলোপাতাড়ি ইট-পাথর নিক্ষেপ করেন তাঁরা। আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে উল্টো ষোলশহর ফিরে আসে শাটল ট্রেনটি। এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে আর কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ষোলশহর ছাড়েনি।
অন্যদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালকদের মারধর ও গাড়ি ভাঙচুরের হুমকি দিলে তাঁরা সবাই বাস চালাতে অসম্মতি জানান। এতে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক-বাস নগরের উদ্দেশে আসতে পারেনি।
অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন। অন্যদিকে চালকদের মারধর ও গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়ায় কোনো শিক্ষক-বাস বিশ্ববিদ্যালয় থেকে ছাড়েনি বলে জানিয়েছেন পরিবহন দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রবিউল আলম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত পাঁচ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দার। এ ঘটনার পর থেকে তাঁর অনুসারীরা জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জড়িতদের শনাক্ত ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ আট দফা দাবিতে গত সোমবার ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকালে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক দেন। অবরোধের প্রথম দিন গত বুধবার সকালে শাটল ট্রেনের চালক ইউসুফ উদ্দিনকে মুখে কালো কাপড় পেঁচিয়ে অপহরণ করে নিয়ে যান অবরোধকারীরা। পরে চার ঘণ্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে। এ কারণে ওই দিন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোনো শাটল ট্রেন চলাচল করেনি। পাশাপাশি শিক্ষক-বাসও আটকে দেন তাঁরা।
বারবার শাটল ট্রেনের চালকের ওপর হামলা ও অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘গুম ও অপহরণ এখন দেশের অন্যতম প্রধান আতঙ্ক। আমাদের মাঝেও এই আতঙ্ক ভর করছে। এভাবে শাটল ট্রেন চালানো সম্ভব না।’
নাসির হায়দারের সমর্থক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন বলেন, ‘আমরা নৈতিক দাবিতে আন্দোলন করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের দাবিদাওয়ার বিষয়ে অবহিত করেছিলাম। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। উল্টো জড়িতদের নিয়ে প্রক্টর তাঁর কার্যালয়ে মিটিং করেন। প্রক্টরের পদত্যাগ ও জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।’
অন্যদিকে ট্রেনের চালককে অপহরণের সঙ্গে জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগের আরেকটি অংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি কাজ করছে। আমাদের কাছে কোনো দাবি উপস্থাপন করেনি আন্দোলনকারীরা। যারা এসব ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি।’