অবরোধে দিনভর দুর্ভোগ, সন্ধ্যায় প্রত্যাহার

সিলেটে পাঁচ দফা দাবি আদায়ে ট্রাক শ্রমিকদের ডাকা সড়ক অবরোধের কারণে দিনভর যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে রাখায় আজ মঙ্গলবার সিলেট থেকে দূরপাল্লায় কোনো যানবাহনই চলাচল করতে পারেনি। তবে সন্ধ্যার দিকে ট্রাক শ্রমিকদের সঙ্গে স্থানীয় প্রশাসনের এক বৈঠক শেষে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
তিনজন শ্রমিক নেতা বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ, ভাঙা সড়ক সংস্কার, ডাকাতি বন্ধে প্রশাসনের দ্রুত উদ্যোগ গ্রহণ ও অতিরিক্ত টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগ ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক শ্রমিক ইউনিয়ন গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করে। এর পর থেকেই মূলত দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারেনি।
অবরোধ চলাকালে সরেজমিনে দেখা গেছে, নগরের উপশহর এলাকার শাহজালাল তৃতীয় সেতু থেকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকা পর্যন্ত কয়েক শ ট্রাক সড়কের বাম পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছেন শ্রমিকেরা। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল মোড়ে বেশ কিছু ট্রাক জটলা বাঁধিয়ে রাখায় সেখান দিয়ে কোনো যানবাহনই চলাচল করতে পারেনি। শ্রমিকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে শহরের ভেতরে মিনি ট্রাক চলাচলেও বাধা দেন।
ভুক্তভোগী চার যাত্রী বললেন, সড়ক অবরোধের কারণে দিনভর দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। যাত্রীরা নগরের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসস্ট্যান্ডে গিয়ে দিনভর অপেক্ষা করেও নির্দিষ্ট গন্তব্যে যাত্রা করতে পারেননি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরে যাওয়ার জন্য পরিবারের তিন সদস্যকে নিয়ে বেলা একটার দিকে কদমতলী বাসস্ট্যান্ডে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনোয়ারুল করিম। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তিন দিনের অবরোধে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।’ ভৈরবগামী আরেক যাত্রী গৃহিণী খোদেজা ইয়াসমিন বেলা দুইটার দিকে বলেন, ‘সেই সকাল থেকে গাড়ির জন্য বসে থেকে বিরক্তি চলে এসেছে।’
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ বেলা চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলা প্রশাসন এবং ট্রাক মালিক, শ্রমিক ও চালক নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
সন্ধ্যা ছয়টার দিকে বৈঠক শেষে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘ট্রাক শ্রমিকদের দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তাঁরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।’