অবরোধে পর্যটকশূন্য বান্দরবান
বান্দরবানের দর্শনীয় স্থানগুলো এক সপ্তাহ ধরে প্রায় পর্যটকশূন্য। অলস সময় কাটাচ্ছেন ভাড়ায়চালিত গাড়ির চালকেরা। অতিথিশূন্য হয়ে পড়েছে আবাসিক হোটেল-মোটেলগুলোও।
পর্যটন মোটেলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, ডিসেম্বরের শেষে জামায়াতের হরতাল এবং এখন ২০-দলীয় জোটের টানা অবরোধে পর্যটন ব্যবসা ধ্বংস হওয়ার উপক্রম। জেলার ৫০টির বেশি হোটেল-মোটেল ও ২০০ ভাড়ায়চালিত গাড়ির প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মহীন অবস্থায় বসে আছেন।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলা শহর, নীলগিরি, চিম্বুক, স্বর্ণ মন্দির, নীলাচল ও মেঘলাসহ দর্শনীয় স্থানগুলো পর্যটকের ভিড়ে মুখর হয়ে ওঠে। কিন্তু ৩ জানুয়ারি থেকে পর্যটকের সংখ্যা কমতে কমতে এখন একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে।
মিলনছড়ি অবকাশ যাপন কেন্দ্রের (রিসোর্ট) ব্যবস্থাপক রয়্যাল বম, হলিডে ইনের পরিচালক আনোয়ার হোসেন বলেন, কোনো পর্যটক না থাকায় তাঁদের এখন কোনো কাজ নেই। ১৫ জানুয়ারি পর্যন্ত যাঁরা কক্ষ বুকিং করেছিলেন, তাঁরা বুকিং বাতিল করে দিয়েছেন।
আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, গত বছর হরতাল-অবরোধের সময় আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি।