অবরোধে হাসপাতাল ছেড়ে দুর্ভোগে রোগীরা
২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধে পরিবহন বন্ধ থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীরা সীমাহীন দুর্ভোগে পড়ছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে দেখা যায়, নয়জন রোগী চিকিৎসার পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছেন। কুড়িগ্রামের উলিপুরের একজন রোগী আয়নাল মিয়া বলেন, ‘হামরা হইনো গরিব মানুষ। হামারগুলার অ্যাম্বুলেন্স ভাড়া করারও টাকা নাই। তবে দেখি রেলস্টেশনোত যাই কোনো ট্রেন পাওয়া যায় কি না।’
রংপুর রেলওয়ে স্টেশনে বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনাজপুরের ট্রেন ধরতে অপেক্ষা করতে দেখা যায় ক্যানসার রোগী জমিলা খাতুনকে (৫০)। রোগীর সঙ্গে থাকা ছেলে আবেদ আলী বলেন, ‘হাসপাতাল থাকিয়া ছাড়া না পাওয়ার পর কষ্টটা বাড়িয়া গেল। টাকার অভাবে অ্যাম্বুলেন্স নিয়া যে বাড়িত যাব তারও কোনো উপায় নাই। শেষমেশ রেলস্টেশনের প্ল্যাটফর্মোত আসিয়া এই শীতোত রোগীক সুথি (সুইয়ে) থোছি (রাখা)। দেখি কখন ট্রেন আইসে।’
এদিকে গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া ৪২ জন রোগীর মধ্যে রংপুর শহরসহ এর আশপাশ এলাকায় আটজন রোগী রয়েছে। বাকি ৩৪ জন রোগী দূরের জেলা ও উপজেলার।