অবরোধের নামে সহিংসতা বন্ধের দাবি শিক্ষকদের
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের নামে সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে শিক্ষকেরা এ দাবি জানান।
‘তথাকথিত অবরোধ ও হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যা, ধ্বংসযজ্ঞ চালানো ও দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে’ এ মানববন্ধন হয়। সমিতির শিক্ষকনেতারা ছাড়াও শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশ যখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য খালেদা জিয়া যে ষড়যন্ত্রে মেতে উঠেছেন, তা কখনো পূরণ হবে না।’ তিনি বলেন, এই আন্দোলন বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয়, এটা খালেদা জিয়ার ও তারেক রহমানের। অধ্যাপক ফরিদ উদ্দিন যৌথ বাহিনীর মাধ্যমে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ‘নির্মূল’ করার আহ্বান জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের অধ্যাপক এ জেড এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ অংশ নেন।