অবরোধের নামে হত্যাযজ্ঞের প্রতিবাদে রংপুরবাসী রাস্তায়
রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে পাঁচজনকে পুড়িয়ে হত্যা এবং সারা দেশে টানা অবরোধের নামে নৃশংস হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে কালো পতাকা নিয়ে রংপুর নগরে গতকাল সোমবার শোক মিছিল করা হয়েছে।
নানা শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত ‘জাগো রংপুর’ নামের সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি শোক মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রেসক্লাব এলাকা থেকে ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অবারও পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। এতে রংপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসক ও শিক্ষক অংশ নেন। এ সময় সবার বুকে কালো ব্যাজ ও হাতে ছিল কালো পতাকা। অন্যায়ের বিরুদ্ধে এমন আয়োজন দেখে রাস্তার দুই পাশের মানুষজনও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে এসে যোগ দেয়।
শোক মিছিল ছাড়াও নগরের কাচারিবাজার, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, প্রেসক্লাব, বেতপট্টি, সিটি বাজার এলাকাসহ অধিকাংশ স্থানে দোকানপাটে কালো পতাকা উত্তোলন করা হয়।
মিছিল শেষে পাবলিক লাইব্রেরি মাঠে শোক সমাবেশে অংশ নেওয়া জনগণের উদ্দেশে বক্তৃতা করেন ‘জাগো রংপুর’ সংগঠনের সদস্যসচিব সৈয়দ মামুনুর রহমান। তিনি বলেন, ‘আমাদের এই সংগঠনের মাধ্যমে দলমত-নির্বিশেষে আমরা রংপুরবাসী এক হতে পেরেছি। আমরা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রংপুরে ঐক্যবদ্ধ থাকব। এ ধরনের উদ্যোগ যেন পুরো দেশে ছড়িয়ে পড়ে, আমরা এমন প্রত্যাশা করি।’ বক্তৃতায় তিনি আরও বলেন, ‘অবরোধকারীদের বিরুদ্ধে রংপুর শহরের প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।’
শোক মিছিলে অংশ নেওয়া এক স্কুলশিক্ষার্থী বিলকিছ বেগম বলে, ‘মা-বাবার হাত ধরে আজকে এই মিছিলে আমি অংশ নিয়েছি। টিভির খবরে অবরোধকারীদের তাণ্ডবে আমার কান্না আসে। এদের বিচার হওয়া উচিত।’