অবরোধের প্রভাব নেই বরিশালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ ২০-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি প্রভাব ফেলতে পারেনি বরিশালে। বিএনপির কোনো জ্যেষ্ঠ নেতা-কর্মী ছাড়াই ঢিলেঢালাভাবে প্রথম দিনের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে নবগ্রাম সড়কে একটি ও বেলা সোয়া ১১টায় নগরের হাসপাতাল রোডে একটি মিছিল বের করে ছাত্রদল। এ সময় সড়কে অগ্নিসংযোগ ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।
ভোরে বরিশাল-ঝালকাঠি সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। তবে বরিশাল থেকে দূরপাল্লার পরিবহন চলাচল করেনি। অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করেছে। বরিশাল বাস মালিক ও পরিবহন সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, অবরোধে পরিবহনের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল করছে। ঢাকাগামী বাসের যাত্রী না থাকায় সেগুলো চলছে না। যাত্রী হলেই ছেড়ে যাবে।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, বরিশালের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ থাকায় নগরে চার শতাধিক পুলিশের পাশাপাশি এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। এর সঙ্গে র্যাবের টহল দলও রয়েছে।