গাইবান্ধার পলাশবাড়ী ও জয়পুরহাটের কালাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১১৮ জন আহত হয়েছেন। এর মধ্যে পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ ও শতাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। এখানে শতাধিক এবং কালাইয়ে ১৮ জন আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পলাশবাড়ীর মহদিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হন তৌহিদুল ইসলাম। নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় তাঁর সমর্থকেরা ওই দিন রাত সাড়ে নয়টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক ও গাইবান্ধা-ঘোড়াঘাট সড়ক অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ সমর্থকেরা অবরোধে আটকে পড়া শতাধিক বাস ও মাইক্রোবাস ভাঙচুর করে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। এ সময় পুলিশ হস্তক্ষেপ করলে অবরোধকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে অন্তত আরও ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৫টি রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে।এর আগে রাত নয়টার দিকে তৌহিদুল ইসলামের সমর্থকেরা ইসলামগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাজাহান মিয়াকে লাঞ্ছিত করে। তারা কেন্দ্রের নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর নির্বাচন কর্মকর্তারা উপজেলা সদরের দিকে রওনা দিলে তৌহিদুল ইসলামের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে।গত সোমবার কালাই উপজেলার উদয়পুর ইউপির নির্বাচন চলাকালে তালোড়া বাইগুনী কেন্দ্রের বাইরে সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন এবং এনামুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন আহত হন। নির্বাচনে এনামুল হক বিজয়ী ও আমজাদ হোসেন পরাজিত হন। এরপর মঙ্গলবার সকালে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে আবার সংঘর্ষ বাধে। এতে আরও অন্তত ১৫ জন আহত হন। এ সময় কর্মী-সমর্থকেরা পরস্পরের কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা এবং ভাঙচুর চালায়।কালাই থানার উপপরিদর্শক সেলিম মালিক বলেন, সহিংসতা ঠেকাতে তালোড়া বাইগুনী বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।