অবরোধ-আতঙ্ক নিয়ে কাটছে ছুটির দিনের ব্যস্ততা
‘ভাই, আমাদের তো লসই হলো। অবরোধেও অফিস করেছি। আজ শুক্রবারও অফিসে আসতে হয়েছে। কাল আবার অবরোধে বোমা পড়ার আতঙ্কের মধ্যে অফিসে আসতে হবে।’
ক্ষোভ নিয়ে কথাগুলো বললেন রাজধানীর মতিঝিল এলাকার একজন ব্যাংক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ‘যে কারণে আজ অফিস খোলা রাখা হয়েছে, সেই উদ্দেশ্য পূরণ হয়নি। লেনদেন তেমন নেই, কারণ গ্রাহকের উপস্থিতি কম।’
ভোর থেকে নগরবাসী ছুটে চলেছেন নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে। ছয় দিন অবরোধে আটকা পড়া অনেকে আবার রাজধানী ছেড়ে গেছেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। গতকাল রাত থেকে দেশের নানা প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাকও অনবরত ঢাকায় আসছে। তাই লেনদেন যা-ই হোক না কেন, অবরোধহীন ছুটির দিনে আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার রাজপথ রয়েছে যানবাহনে ঠাসা।
বেলা একটার দিকে মেয়ে ফাহিমা রহমানকে নিয়ে ফার্মগেটে বাসের জন্য অপেক্ষমাণ আয়েশা আক্তার বলেন, ‘মেয়ের পিএসসি (প্রাইমারি স্কুল সার্টিফিকেট) পরীক্ষা আজ শেষ হয়েছে। কিন্তু আজও বাসায় ফিরতে ভয় করছে। অবরোধ-হরতালের আগেও তো বাসে বোমা পড়ে।’
আয়েশা জানান, পরীক্ষা আধঘণ্টা আগে শেষ হয়েছে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তালতলা যাওয়ার বাস পাওয়া যাচ্ছে না।
এর কারণ জানালেন তেজগাঁওয়ে ট্রাফিকের সহকারী কমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, ‘অন্যান্য দিনের চেয়ে সবজি বহনকারী ট্রাক কারওয়ান বাজারে আজ বেশি এসেছে। অনেকে আবার সাপ্তাহিক বাজার করছেন। অনেক অফিস খোলা থাকায় পুরো কারওয়ান বাজার, ফার্মগেটে গাড়ির চাপ সকাল থেকে রয়েছে।’
ঢাকার অনেক এলাকা সরেজমিন ঘুরে ও ট্রাফিক কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, গুলিস্তান, মতিঝিল, ধানমন্ডিসহ প্রায় সব এলাকায় যানবাহন ও ব্যস্ত মানুষের ভিড়।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আমজাদ আলী জানান, কাল থেকে অবরোধ শুরু হবে। এ জন্য দুই-তিন দিনের সবজি মজুত করে রাখছেন তাঁরা। তাই ট্রাক বেশি এসেছে।
ঢাকায় এসে ১৩১ ঘণ্টা অবরোধে আটকে পড়া অনেকেই আজ ফিরে যাচ্ছেন নিজ এলাকায়। তাই বাস কাউন্টারগুলোয় ছিল উপচে পড়া ভিড়। সকাল ১০টায় কল্যাণপুরে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে খুলনার যাত্রী আরিফ হোসেন বলেন, ‘রাতে যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছিলাম সকাল আটটার দিকে, কিন্তু কাউন্টার থেকে জানানো হয়, আজ রাতে বাস ছাড়বে না। তাই তড়িঘড়ি করে গুছিয়ে নিয়ে সাড়ে ১০টার বাসে চলে যাচ্ছি।’
এর কারণ সম্পর্কে গ্রিন লাইনের যাত্রীসেবা বিভাগের কর্মকর্তা নীরব হাসান বলেন, ‘আগামী কাল অবরোধ শুরু হবে। আগের অবরোধে রাতে দেশের অনেক জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। এ জন্য বেলা তিনটার পর আর বাস ছাড়ব না।’
একে ট্রাভেলস নামে একটি পরিবহনের স্বত্বাধিকারী তাহমিদ শাহেদ প্রথম আলোকে বলেন, ‘রাতে অন্য সময় যেখানে ৪০টি বাস ছাড়া হতো, সেখানে আজ ১০টি ছাড়ব আল্লাহরওয়াস্তে। কী আর করার আছে? বাসের ভাগ্য আল্লাহই দেখবেন।’