অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে এবং পেট্রলবোমা মেরে শ্রমিক হত্যার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে পাবনায় মানববন্ধন করেছেন পরিবহনশ্রমিকেরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের আবদুল হামিদ সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শ্রমিকনেতারা দাবি করেন, টানা অবরোধ ও হরতালে জেলায় প্রায় ১০ হাজার মোটরশ্রমিক বেকার হয়ে পড়েছেন। পরিবহন নিয়ে বাইরে বের হলে আগুনে পুড়তে হচ্ছে। ফলে বেকার শ্রমিকদের অনেকেই অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন।
দুপুর ১২টার দিকে অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিসংবলিত বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমিকেরা সমবেত হন। একপর্যায়ে তাঁরা হাতে হাত ধরে দীর্ঘ মানববন্ধন করেন। মানবন্ধনে মোটরশ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা অটোটেম্পো, অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন যোগ দেয়। শ্রমিকদের জীবন-জীবিকার স্বার্থে অবরোধ-হরতাল প্রত্যাহার দাবি এবং যানবাহনে পেট্রলবোমা মেরে শ্রমিক হত্যার প্রতিবাদ জানানো হয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, ‘পাবনা জেলায় বাস-ট্রাক ও বিভিন্ন ব্যক্তিগত পরিবহন মিলে প্রায় ১০ হাজার যানবাহন চলে। এসব যানবাহন পরিচালনার কাজে জেলা শ্রমিক ইউনিয়নের তালিকাভুক্ত প্রায় পাঁচ হাজার শ্রমকিসহ তালিকাবহির্ভূত আরও প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। প্রতিদিনের রোজগারে তাঁদের সংসার খরচ চলে। কিন্তু ২৬ দিন টানা অবরোধে তাঁদের রোজগার বন্ধ রয়েছে। এতে অনেক শ্রমিক খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন। তাই শ্রমিকদের জীবন-জীবিকার স্বার্থে অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করার দাবি জানাই।’
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি জীবন কুমার সরকার, যুগ্ম সম্পাদক আলাল উদ্দিন, জেলা অটোটেম্পো, অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ।