অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান সাংস্কৃতিক জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। একই সঙ্গে হেফাজতে ইসলামের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা। ‘হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। এ সময় সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন ইউসুফ বলেন, হেফাজতে ইসলামের দাবি সংবিধানপরিপন্থী। দেশে অস্থির পরিবেশ সৃষ্টির জন্য তারা উদ্দেশ্যমূলক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। সরকারসহ নানা মহলের দাবি উপেক্ষা করে হেফাজতে ইসলাম যদি অবরোধ কর্মসূচি পালন করে এবং অবরোধ চলাকালে জান-মালের ক্ষতি হয়, তার দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, অবরোধ প্রত্যাহারের যে দাবি করা হচ্ছে, এর মধ্য দিয়েই তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে। আয়োজক সংগঠনের সহসভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করতে হেফাজত যে তৎপরতা চালিয়ে যাচ্ছে, তা বন্ধে আমরা তাৎক্ষণিক কর্মসূচিও ঘোষণা করতে পারি।’এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।