অবরোধ কর্মসূচির পক্ষে-বিপক্ষে মানববন্ধন-মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে গতকাল সোমবার এর পক্ষে-বিপক্ষে মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ‘হরতাল নৈরাজ্য ও বোমাবাজির’ প্রতিবাদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে বক্তারা হাইকোর্টে বেঞ্চ বসতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানান।
মানববন্ধন শেষে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আইনজীবীরা সমিতি ভবনে মিছিল করেন। মানববন্ধনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, সমিতির সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন চলাকালে একপর্যায়ে সমিতি ভবন থেকে অবরোধের সমর্থনে পতাকা নিয়ে মিছিল বের করেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। এ সময় তাঁরা অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল নিয়ে মানববন্ধন কর্মসূচি স্থলে গেলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে একধরনের উত্তেজনা তৈরি হয়।