অবরোধ চলছে কাফকোর নিরাপত্তাকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী ইউরিয়া সার কারখানা কোম্পানির (কাফকো) নিরাপত্তাকর্মীদের অবরোধ চলছে।
গতকাল বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত এ অবরোধ চলবে। এতে নিরাপত্তাকর্মীদের পরিবার-পরিজনও অংশ নিয়েছেন। কাফকো হাউজিং কলোনির সামনে এ অবরোধ করায় কেউ বের হতে পারেনি।
অবরোধ চলাকালে কাফকোর নিরাপত্তাকর্মী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি হোছাইনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গতকাল সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক জহির আহমদ, বোরহান উদ্দিন, নুরুল করিম, দেলোয়ার হোসেন, মো. ইউছুপ, মফিজুর রহমান, আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।
তাঁরা বলেন, ‘কাফকো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে শুভংকরের ফাঁকির খেলা খেলছে; তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমরা ন্যায্য দাবিতে আজ আমাদের পরিবার-পরিজন নিয়ে আমরা রাস্তায় নামলাম।’
জানতে চাইলে কাফকোর নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) আনিস মো. এরশাদুল হক বলেন, ‘নিরাপত্তাকর্মীদের অবরোধের মুখে আমরা কেউ বের হতে পারিনি। কাফকোর নিরাপত্তাকর্মীরা বেতন থেকে এআইটি ও ভ্যাট কাটা বাদ দেওয়া ও ৪৫ শতাংশ বেতন বাড়ানোসহ ৭ দফা দাবিতে গত ২৮ মার্চ থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। একই ধারাবাহিকতায় গত শনিবার তাঁরা চট্টগ্রাম প্রেসক্লাবেও সংবাদ সম্মেলন করেন।’