অবরোধ চললেও নির্ধারিত সময়েই সমাবর্তনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের অবরোধ চললেও নির্ধারিত সময়ে অর্থাৎ ১৮ জানুয়ারি সমাবর্তন করতে চায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে নবম সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। তবে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সমাবর্তনে নিবন্ধিত গ্র্যাজুয়েটরা।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নবম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এতে সমাবর্তন বক্তা থাকবেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তালাত আহমদ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তনে নিবন্ধিত গ্র্যাজুয়েটদের ১৭ জানুয়ারি সকাল আটটা থেকে রাত আটটা ও ১৮ জানুয়ারি সকাল আটটা থেকে বেলা ১১টার মধ্যে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে যোগাযোগ করে সমাবর্তন সামগ্রী সংগ্রহ করতে হবে। এমবিবিএস, বিডিএস ও অন্যান্য ডিগ্রিধারীদের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে যোগাযোগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন।

এদিকে ২০-দলীয় জোটের টানা অবরোধের কারণে নির্ধারিত তারিখে সমাবর্তনে উপস্থিত হতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রাজুয়েটরা। এ নিয়ে অনেকেই মোবাইলে এ প্রতিবেদককে বলেছেন, সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ও শেষ উৎসব। কিন্তু এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সমাবর্তন আয়োজন করলে তাতে বেশির ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারবেন না।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অবরোধের কারণে দূরপাল্লার কোনো বাস চলছে না। এমন পরিস্থিতির মধ্যে ঢাকা থেকে সমাবর্তনে যোগ দিতে যাওয়া কর্মজীবীদের জন্য অনেক কষ্টের হবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মেহেরুল হাসান বলেন, ‘সমাবর্তনে অংশগ্রহণ করা একজন শিক্ষার্থীর সারা জীবনের স্বপ্ন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সমাবর্তন আয়োজন করলে সেটিতে অনেকেই যোগ দিতে পারবেন না। ফলে উৎসবমুখর না হয়ে আতঙ্কের অনুষ্ঠানে পরিণত হবে সমাবর্তন, যা আমাদের কাম্য নয়।’

ব্যবস্থাপনা বিভাগ থেকে ২০০৭ সালে মাস্টার্স পাস করা আতিক মোহাম্মদ শরিফ (ঢাকায় কর্মরত) বলেন, ‘যেসব গ্র্যাজুয়েট রাজশাহী থেকে দূরে অবস্থান করছেন তাঁদের অনেকের পক্ষে সমাবর্তনে যোগ দেওয়া অসম্ভব হয়ে পড়বে। গ্র্যাজুয়েটদের সরব উপস্থিতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠানের কোনো মূল্যই থাকে না।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সমাবর্তন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। রাষ্ট্রপতি নিজে এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে নির্ধারিত আছে। ফলে তারিখ পরিবর্তনে আমাদের তেমন কোনো কিছু করার নেই।’
গ্র্যাজুয়েটদের ভোগন্তির বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা গ্র্যাজুয়েটদের জানিয়ে দিয়েছি নির্ধারিত সময়েই সমাবর্তন অনুষ্ঠিত হবে। অবরোধ হলেও তো মানুষজন যাতায়াত করছে। তা ছাড়া অবরোধের মধ্যেই তো আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। ফলে তেমন কোনো সমস্যা হবে না আশা করছি।’