২০-দলীয় জোটের অনির্দিষ্টাকালের অবরোধ কর্মসূচি চললেও নির্ধারিত সময়ে ১৮ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন
সম্পন্ন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সমাবর্তনে নিবন্ধিত গ্র্যাজুয়েটরা।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নবম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। সমাবর্তনে বক্তা থাকবেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তালাত আহমদ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তনে নিবন্ধিত গ্র্যাজুয়েটদের ১৭ জানুয়ারি সকাল আটটা থেকে রাত আটটা ও ১৮ জানুয়ারি সকাল আটটা থেকে বেলা ১১টার মধ্যে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে যোগাযোগ করে সমাবর্তন সামগ্রী সংগ্রহ করতে হবে। এমবিবিএস, বিডিএস ও অন্যান্য ডিগ্রিধারীদের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে যোগাযোগ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন। টানা অবরোধের কারণে নির্ধারিত তারিখে সমাবর্তনে উপস্থিত হতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ে রয়েছেন গ্র্যাজুয়েটরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মেহেরুল হাসান জানান, সমাবর্তনে অংশ নেওয়া একজন শিক্ষার্থীর সারা জীবনের স্বপ্ন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সমাবর্তন আয়োজন করলে সেটিতে অনেকেই যোগ দিতে পারবেন না।
ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২০০৭ সালে মাস্টার্স পাস করা আতিক মোহাম্মদ শরিফ জানান, নির্ধারিত তারিখে সমাবর্তনের আয়োজন করলে যেসব গ্র্যাজুয়েট রাজশাহী থেকে দূরে অবস্থান করছেন, তাঁদের অনেকের পক্ষে সমাবর্তনে যোগ দেওয়া অসম্ভব হয়ে পড়বে। গ্র্যাজুয়েটদের উপস্থিতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠানের কোনো মূল্যই থাকে না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সমাবর্তন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। রাষ্ট্রপতি নিজে এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে নির্ধারিত আছে। ফলে তারিখ পরিবর্তনে আমাদের তেমন কোনো কিছু করার নেই।’