অবরোধ তুলে নিয়েছেন আশুলিয়ার আউলিয়া নিটওয়্যারের শ্রমিকেরা
রাজধানীর অদূরে আশুলিয়ার জামগড়া এলাকার আউলিয়া নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা গতকাল মঙ্গলবারও তৃতীয় দিনের মতো কর্মকর্তাদের কারখানার ভেতরে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করেছেন।বকেয়া বেতনের দাবিতে রোববার সন্ধ্যায় শ্রমিকেরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। শ্রমিকদের দাবির মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আংশিক বেতন দেওয়ার পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন। শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধ করে কর্মকর্তারা পালানোর চেষ্টা করলে শ্রমিকেরা গত রোববার তাঁদের কারখানার ভেতরে অবরুদ্ধ করে বেতন পরিশোধের দাবি জানান। শিল্প পুলিশের পক্ষ থেকে দুই দিন ধরে যোগাযোগের পর কারখানার মালিক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টাকা নিয়ে কারখানায় উপস্থিত হন। এরপর শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধ করে বাকি বেতন চলতি মাসের ১৬ তারিখে পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা তা মেনে নিয়ে অবরোধ তুলে নেন। শ্রমিকেরা জানান, কারখানা চালু থাকলেও তিন মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হচ্ছিল না। এ কারণে নিরুপায় হয়ে তাঁরা কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। গতকাল সন্ধ্যায় দুই মাসের বেতন পরিশোধের পর তাঁরা অবরোধ তুলে নেন। কারখানার মালিক ইমরান হোসেন বলেন, কাজের অভাবে গত তিন মাসে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি।