অবরোধ-নাশকতায় ট্রেনের সূচি বিপর্যস্ত
বিরোধী দলের দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল শনিবার বিভিন্ন স্থানে রেললাইনে আগুন এবং বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে প্রথম দফা অবরোধের মতো বড় ধরনের নাশকতা হয়নি। এর আগে গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনের অবরোধ কর্মসূচিতে রেলপথে নাশকতার কারণে বিপর্যস্ত রেল যোগাযোগ গতকাল পর্যন্ত স্বাভাবিক হয়নি।
গতকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ না হলেও সময়সূচি ভেঙে পড়েছে। ঢাকা থেকে মহানগর গোধূলী বেলা তিনটায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি রাত নয়টা পর্যন্ত ঢাকায় এসে পৌঁছতেই পারেনি। রেলের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে ট্রেনটি আট ঘণ্টা দেরিতে ছেড়েছে। সেটি রাত ১১টায় পৌঁছতে পারে ঢাকায়। রংপুর এক্সপ্রেস ও নীলসাগর ট্রেনও প্রায় সাত ঘণ্টা দেরিতে ছাড়ে। তেলবাহী ট্রেন ও ডেমুর চলাচল বন্ধ ছিল।
গতকাল সকালে চট্টগ্রামের ইস্পাহানী এলাকায় রেলপথ অবরোধ করতে গেলে বিরোধী দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ফলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ও চাঁদপুরমুখী মেঘনা এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর গোধূলী ট্রেন পথে আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু করে ইস্পাহানী এলাকা দিয়ে।
গতকাল সন্ধ্যা ছয়টায় সীতাকুণ্ডের সুখলাল হাট এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে ট্রেনের চালক জালাল আহমদ আহত হন। পরে ট্রেন থামিয়ে চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য চালক ট্রেনটি গন্তব্যে নিয়ে যান।
এর এক ঘণ্টা পর একই এলাকায় ৭৬ নম্বর রেলসেতুতে আগুন দেন অবরোধকারীরা। এর কয়েক মিনিট আগে ওই সেতু পার হয়ে যায় জামালপুরগামী নাসিরাবাদ এক্সপ্রেস। পুলিশ দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার রেলগেট এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সের ওপর ককটেল হামলা করেন অবরোধকারীরা। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ রেলগেট এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল পাশা বলেন, সকাল নয়টার দিকে কলেজগেট এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে ১৫টি ককটেল ছোড়া হয়। এর মধ্যে ১০-১২টি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে রেলগেট এলাকায় মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের আউটার সিগন্যালে লালমনি এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা চালান অবরোধকারীরা।
ট্রেনটিতে ভুটানের রাষ্ট্রদূত লালমনিরহাট থেকে ঢাকায় যাচ্ছিলেন। অবরোধকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। এতে ট্রেনের পাঁচ-ছয়টি জানালার কাচ ভেঙে পাঁচজন যাত্রী আহত হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে রাষ্ট্রদূত যে বগিতে ছিলেন, তা ক্ষতিগ্রস্ত হয়নি এবং তিনি অক্ষত ছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটিতে লালমনিরহাট থেকে ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত যাচ্ছিলেন। সে কারণে পুলিশের নিরাপত্তা জোরদার ছিল।
লাইন ক্লিয়ার না পেয়ে ট্রেনটি আউটার সিগন্যালে থামার পর উক্ত স্থানে থাকা বেশ কিছু লোকজন ট্রেনকে লক্ষ করে পাথর ছুড়ে মারে। এতে বেশ কয়েকটি কাচ ভেঙে যায়। দ্রুত পুলিশ উপস্থিত হলে অবরোধকারীরা পালিয়ে যান।
গতকাল বেলা ১১টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশনের কাছে পার্বতীপুরগামী যাত্রীবাহী লোকাল ট্রেন অবরোধকারীদের বাধার মুখে পড়ে।
অবরোধকারীরা সেখানে ট্রেনের ইঞ্জিন ও বগির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। ১৫-২০ মিনিট পর পুলিশ এলে অবরোধকারীরা পালিয়ে যান।
এর আগে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মহেন্দ্রনগর রেলস্টেশনের কাছে প্রায় প্রতিদিনই অবরোধকারীরা নাশকতার চেষ্টা করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।]