অবরোধ প্রত্যাহারের আহ্বান উপাচার্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। একই সঙ্গে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমাবর্তনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ আহ্বান জানান উপাচার্য। ১৮ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য দাবি করেন, দেশব্যাপী অবরোধ চললেও নিবন্ধিত গ্র্যাজুয়েটদের দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে আসতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহীর প্রশাসন এ ক্ষেত্রে সহযোগিতা করছে। রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ রয়েছে। রেলপথে সহজেই শিক্ষার্থীরা সমাবর্তনে আসতে পারবেন। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রেলওয়ের মহাপরিচালকের সঙ্গেও আলোচনা হয়েছে। সমাবর্তনে নিবন্ধিত প্রায় সব গ্র্যাজুয়েটই যোগ দিতে পারবেন বলে আশা করেন তিনি।

সমাবর্তনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপাচার্য মিজানউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে এবার নবম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থেকে ডিগ্রিধারীদের ডিগ্রি প্রদান করবেন। এবারের সমাবর্তনে চার হাজার ৭৭১ জন নিবন্ধিত গ্র্যাজুয়েট, আট শতাধিক শিক্ষক ও পাঁচ শতাধিক অতিথি উপস্থিত থাকবেন। সম্ভাবনাসংক্রান্ত সব কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার এন্তাজুল হক, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন, প্রক্টর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন প্রমুখ।