অবরোধ প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর, শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার।
নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় শোক দিবস পালনের সময় অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এক সরকারি তথ্য বিবরণীতে এই আহ্বানের কথা জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, যখন বিশ্ববাসীর সঙ্গে বাঙালি জাতি মহান বিশ্বনেতা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নেলসন ম্যান্ডেলার প্রতি সশ্রদ্ধ সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে, তখন বিরোধী দলের অবরোধ-হরতাল কর্মসূচি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অমানবিক। তিনি আশা করেন, বিরোধীদলীয় নেত্রী সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে বিশ্ববাসীসহ সারা জাতির সঙ্গে নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাঁর আহ্বানে সাড়া দিয়ে অবরোধ-হরতাল প্রত্যাহার করবেন।
এদিকে ম্যান্ডেলা স্মরণে তিন দিনের শোকের প্রথম দিনে গতকাল শনিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা একই অবস্থায় রাখা হয়।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ম্যান্ডেলা স্মরণে নানা কর্মসূচি পালন করে গতকাল। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ম্যান্ডেলা স্মরণে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শোক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।