অবরোধ, ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলর নজরুল ইসলামসহ ছয়জনের লাশ উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা গত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আগুন দেয় । প্রথম আলো
কাউন্সিলর নজরুল ইসলামসহ ছয়জনের লাশ উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা গত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আগুন দেয় । প্রথম আলো

আওয়ামী লীগ-সমর্থক কাউন্সিলর নজরুল ইসলামের লাশ উদ্ধারের খবরে গতকাল বুধবার ক্ষোভের আগুনে জ্বলে ওঠে নারায়ণগঞ্জ। তাঁর বিক্ষুব্ধ সমর্থকেরা মহাসড়ক অবরোধ করে ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভ করেছেন। গতকাল দুপুর থেকে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ পূর্বাঞ্চলের সব বিকল্প পথ এবং আঞ্চলিক ও সংযোগ সড়ক। এতে চট্টগ্রাম বন্দর, মহানগরসহ পূর্বাঞ্চলের ১৮ জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গতকালের সহিংসতায় মানুষের দুর্ভোগ ছিল বর্ণনাতীত। বিশেষ করে যাত্রী ও পথচারীরা দুঃসহ গরমে, রোদ ও ধুলাবালুর মধ্যে প্রচণ্ড কষ্ট পায়। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত যানজটে অসহনীয় পরিস্থিতি চললেও তা স্বাভাবিক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সময় মহাসড়কে পুলিশ থাকলেও তারা কোনো অভিযান চালায়নি। র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখা যায়নি কোথাও।
তিন দিনের ছুটি শুরু হওয়ায় গতকাল থেকে বিপুলসংখ্যক যাত্রী ঘরমুখী হয়েছিল। যানবাহনে যাত্রীদের চাপ ছিল অন্য সময়ের চেয়ে বেশি। সায়েদাবাদে স্টারলাইনের ব্যবস্থাপক মো. নাসির প্রথম আলোকে জানান, যাত্রীর চাপ বেশি থাকায় সবাইকে টিকিট দেওয়া যায়নি। কিন্তু পরিস্থিতির কারণে গতকাল তাদের ২৩টি বাসের শিডিউল বিপর্যয় ঘটেছে। অন্য পরিবহনগুলোর অবস্থাও একই রকম।
পরিবহনের মালিক ও কর্মকর্তারা দাবি করেছেন, সহিংসতায় দুই শতাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। মহাসড়কের পাশে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়েছে। কয়েকটি ছোট টং দোকান উঠিয়ে এনে রাস্তার ওপর আগুন দেওয়া হয়।
বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের মালিকানাধীন শ্যামস ফিলিং স্টেশনে। সেলিনা ইসলাম স্বামী নজরুলের অপহরণের ঘটনায় ইয়াসিন ও নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসিনের পেট্রলপাম্পের মনিটরগুলোতে আগুন লাগানো হলেও রিজার্ভ ট্যাংক সুরক্ষিত ছিল। এ জন্য ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। পেট্রলপাম্পে আগুন লাগানোর পর বিক্ষোভকারীরা তাঁর গ্রেপ্তার ও বিচার চেয়েছেন।
অপহূত নজরুলের লাশ বুধবার বিকেলে পাওয়ার পর তাঁর ক্ষুব্ধ সমর্থকেরা মৌচাক ও সাইনবোর্ড এলাকার মহাসড়কে তাণ্ডব শুরু করেন। এর আগে দুপুর ১২টা থেকে তাঁরা নিয়মিত অবরোধ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু লাশ উদ্ধারের খবরে প্রথমে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় তাঁরা সহিংস হয়ে ওঠেন। এ সময় সড়কের ওপর কংক্রিটের পাইপ ও বড় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সহিংসতা ছড়িয়ে পড়লে হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। কেউবা অসুস্থ হয়। প্রচণ্ড গরমে শিশুদের কষ্ট ও কান্না দেখে অনেকেই আবেগাপ্লুত হয়। বিকেল থেকেই পানির জন্য হাহাকার পড়ে যায়। রাস্তার আশপাশের দোকানগুলোতে পানির বোতল ফুরিয়ে যায়। ১৫ টাকা দামের আধা লিটার পানি বিক্রি হয়েছে ২৫-৩০ টাকায়। চরম অস্বাভাবিক পরিস্থিতিতে অনেকেই যাত্রা স্থগিত করেছেন, কেউবা জরুরি হওয়ায় বাস কাউন্টার বা পরিবহনের মধ্যে অপেক্ষা করছেন।
সায়েদাবাদে গ্রিনলাইনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে

দরজা বন্ধ করে অপেক্ষা করছিলেন যাত্রীরা। বাসের সহকারী জানান, কতক্ষণ এসি চালু রাখা যাবে, বুঝতে পারছি না।
বাসস্ট্যান্ডে বসে থাকা বয়স্ক নারী নিলুফার বেগম বললেন, ‘এখন কী করব, কোথায় যাব বুঝতে পারছি না।’ চট্টগ্রামে যাওয়ার জন্য তিনি টিকিট কাটলেও বাস নেই। ওই যাত্রী জানান, বাস ছাড়ার সম্ভাবনা নেই, আবার পুরান ঢাকার বাসায় ফেরার মতো যানবাহনও নেই।
সরেজমিনে দেখা গেছে, সায়েদাবাদ থেকে শহরের বিভিন্ন রুটে আসা বাসগুলোতে প্রচণ্ড ভিড়। শক্ত-সামর্থ্য না হলে বয়স্ক পরুষ, নারী ও শিশুদের পক্ষে ওই সব বাসে ওঠা সম্ভব নয়।
গত রোববার চার সহযোগীসহ অপহূত হন নজরুল। একই সঙ্গে নিখোঁজ হন আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম। নজরুল অপহরণের দিনই বিকেলে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছিলেন তাঁর সমর্থকেরা। এর পর থেকে প্রতিদিন তাঁরা বিক্ষোভ করছিলেন। কিন্তু লাশ উদ্ধারের খবরে তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে তাঁরা প্রতিবাদ জানান, বিক্ষোভে ফেটে পড়েন।
একজন বিক্ষোভকারী জানান, ‘এ অবস্থা মেনে নেওয়া যায় না। এত বড় নিষ্ঠুর ঘটনার প্রতিবাদ না করলে নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকব।’
সহিংসতার কারণে গুলিস্তান-যাত্রাবাড়ী এলাকার মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসেতু বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল। প্রায় সাড়ে আট কিলোমিটার এই উড়ালসেতু ছিল যানবাহনে ঠাসা। এরপর কিছু গাড়ি ধীরগতিতে পার হয়েছে। কাঁচপুর সেতু বন্ধ থাকায় বিকল্প পথে পরিবহন যাওয়ার চেষ্টা করে। কিন্তু ডেমরার সুলতানা কামাল সেতু বন্ধ হওয়ায় এবং পাগলা এলাকা অবরুদ্ধ থাকায় সেই চেষ্টাও সফল হয়নি।
পূর্বাঞ্চলে সড়ক যোগাযোগের জন্য একমাত্র গাজীপুর হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের একটি পথ খোলা ছিল। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১১ জেলা এবং ঢাকা-সিলেট মহাসড়কের সাত জেলা, ঢাকা-চাঁদপুর, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-কিশোরগঞ্জ লিংক রোড ধরে চলা যানবাহন বন্ধ ছিল।
ব্যবসায়ী আর কে বণিক মুঠোফোনে জানান, বিকেল পাঁচটার দিকে সায়েদাবাদ থেকে একটি পরিবহনে রওনা হলেও রাত আটটা পর্যন্ত বাসটি পাগলায় আটকে আছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, মহাসড়কে চলাচলকারী গাড়িগুলো বিকল্প পথে ডেমরা দিয়ে চলাচল করছে। কিন্তু সরেজমিনে দেখা যায়, সুলতানা কামাল সেতু বন্ধ থাকায় ওই পথটিও বন্ধ হয়ে গেছে।
আজ পয়লা মে হওয়ায় যানবাহন চলবে কি না, সেই অনিশ্চয়তা রয়েছে। যাত্রীদের অনেকেই উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল আদালত বর্জন করে অপহূত আইনজীবী চন্দন কুমার সরকারের সন্ধান দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে বেলা ১১টায় তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন। ওই সময় ঢাকা রেঞ্জের ডিআইজি এ এফ এম নুরুজ্জামান নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে আইনজীবীদের বাধার মুখে পড়েন। তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সুপারের কার্যালয়ে যান। ওই সময় তিনি বিক্ষুব্ধ আইনজীবীদের উদ্দেশে বলেন, এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকে অভিযান চালাবে না। নারায়ণগঞ্জে আর কোনো অপহরণ হবে না। তবে আইনজীবীরা তাঁর এ বক্তব্যে আশ্বস্ত হননি।