অবরোধ শেষেও কাঁচাবাজারে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচি গতকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হয়েছে। কিন্তু অবরোধের কারণে রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের মূল্যের অস্থিরতা কাটেনি। কোনো সবজির দামই কমছে না, বরং নতুন করে বেড়েছে পেঁয়াজ, নতুন আলু, কয়েকটি জাতের চাল ও ব্রয়লার মুরগির দাম।
ব্যবসায়ীরা বলছেন, অবরোধ শেষ হলেও বিভিন্ন স্থানে সহিংসতা চলছে। পণ্য পরিবহন এখনো স্বাভাবিক হয়নি। এ ছাড়া রোববার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বিরোধী দল নতুন কী কর্মসূচি দেবে, তা নিয়েও আছে শঙ্কা। এমন পরিস্থিতির কারণেই বাজারে অস্থিরতা কাটছে না।
গতকাল কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা। বাজার ও মানভেদে এই পেঁয়াজ ৮০ বা ১০০ টাকা কেজিও বিক্রি হয়। গত সপ্তাহে দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। দেশি পুরোনো পেঁয়াজ বাজারে তেমন মিলছে না। দু-একটি দোকানে থাকলেও দাম ১৩০-১৪০ টাকা কেজি। গত সপ্তাহে কোনো কোনো দিন এই দর উঠেছিল ১৫০ টাকায়।
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গতকাল ৯৫ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হয়। গত সপ্তাহে দর ছিল ৮৫-৯০ টাকা। গত রোববার বিক্রি হয় ১১০ থেকে ১৩০ টাকায়।
কারওয়ান বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়। নারিন্দা বাজারে এই আলুর দর ছিল ৪৮ টাকা। বেশ কয়েকটি বাজারে এমন দাম দেখা গেছে। অথচ গত সপ্তাহে দর ছিল ৪০-৪৫ টাকা।
গতকাল কারওয়ান বাজারে প্রতি কেজি পুরোনো আলু ১৬ থেকে ১৮ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, পেঁপে ১৪-১৫, গোল বেগুন ৪০-৫০, লম্বা বেগুন ২৫-৩০, শিম ৩০-৪০, টমেটো ৬০ থেকে ৬৫, দেশি টমেটো ৮০-৯০, মুলা ১০-১২, শসা ২০-২৫, করলা ৩৫, ঢ্যাঁড়স ৪০, চীন থেকে আমদানি করা রসুন ৭০ ও আদা ১৫০ টাকায় বিক্রি হয়।
কারওয়ান বাজার কিচেন মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম। যাও আসছে তা আবার দু-তিন গুণ বেশি ট্রাক ভাড়া দিয়ে। তিনি বলেন, শীতকালীন সবজির প্রচুর পরিমাণে ফলন হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্রেতারা বর্তমান দামের চেয়ে অর্ধেক দামে সবজি কিনতে পারতেন।
মাছের বাজারে প্রতি কেজি বড় কাতল ৩০০ টাকা, সরপুঁটি ১৮০, বড় শৈল ৪০০-৪৫০, ছোট শৈল ২০০-২৫০, মাঝারি আকারের বোয়াল ৩৫০ থেকে ৪০০ ও তেলাপিয়া মাছ ১৪০ টাকা দরে বিক্রি হয়।
ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১১০-১১৫ টাকা কেজি বিক্রি হলেও গতকাল ছিল ১৩০ টাকা। গরুর মাংসের কেজি ২৮০ টাকা। ফার্মের মুরগির ডিম ২৮ ও হাঁসের ডিমের হালি ৩৬ টাকা।
কারওয়ান বাজারে মিনিকেট চাল কেজিপ্রতি ৪৬-৪৭, বিরি-২৮ জাতের চাল ৪২-৪৩, পারি জাতের চাল ৩৮-৩৯, নাজিরশাইল ৫৪-৫৬ ও মোটা চাল ৩৫ টাকা দরে বিক্রি হয়।
বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পরিসংখ্যান অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে বাজারে সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেট চালের দাম কেজিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে।
চাল ব্যবসায়ী মনসুর আহমেদ বলেন, টানা অবরোধে চাল আসছে না। সবার মজুত করা চালই শেষ পর্যায়ে। এখন আনতে গেলে কয়েক গুণ বেশি ট্রাক ভাড়া গুনতে হবে। এতে চালের দাম বাড়তে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দাম অনেক কমবে।