অবরোধ সফল করতে নেতাদের প্রতি খালেদার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচি সর্বাত্মক সফল করার জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটি, মহানগর কমিটি, ঢাকা জেলা কমিটি, মহানগরের সাবেক সাংসদ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে খালেদা জিয়া এ নির্দেশ দেন। বৈঠকে অবরোধ কর্মসূচিতে কে কোথায় থাকবেন, তা নিয়েও আলোচনা হয়। তবে তা প্রকাশ করতে রাজি হননি বিএনপির নেতারা।একই রাতে ১৮ দলীয় জোটের নেতাদের নিয়েও পৃথক বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন। রাত সোয়া ১০টায় এ বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ৯ ডিসেম্বর প্রতীকী প্রতিবাদ জানানো হবে। তিনি বলেন, সেদিন বাংলাদেশের প্রধান প্রধান রাজপথ জনগণ অবরোধ করে রাখবে। এতে রাজধানী ঢাকা জেলা ও অন্যান্য মহানগর থেকে বিচ্ছিন্ন থাকবে। ফখরুলবলেন, ‘গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায়’ ওই দিন স্বতঃস্ফূর্তভাবে অবরোধে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও জামায়াতের সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের, এলডিপির অলি আহমদ, খেলাফত মজলিসের মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহম্মদ ইব্রাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত রাত পৌনে নয়টা থেকে পর্যায়ক্রমে বিএনপির স্থায়ী কমিটি, ১৮ দলীয় জোট, বিএনপির মহানগর, ঢাকা জেলা, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের বৈঠক হয়।