অবরোধ স্থগিত, গণ-উদ্ধার অভিযানের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে অপহৃত আওয়ামী লীগের নেতা মংপু মারমাকে আজ সোমবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে কাল মঙ্গলবার থেকে গণ-উদ্ধার অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে অপহৃত নেতাকে উদ্ধারের দাবিতে আওয়ামী লীগের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
১৩ জুন রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়িপাড়ার বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মারমাকে অপহরণ করে।
গতকাল রোববার জামছড়িপাড়ায় আয়োজিত গণ-উদ্বুদ্ধকরণ সমাবেশে গণ-উদ্ধার অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। ‘জামছড়ি এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ক্যচিংশৈ মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এলাকার কার্বারি, হেডম্যান, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা বক্তব্য দেন।
সমাবেশে ঘোষণা দেওয়া হয়, সদর উপজেলার রাজবিলা ও কুহালং এবং রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের লোকজন সম্মিলিতভাবে বনে-জঙ্গলে ও পাড়ায় গণতল্লাশি চালিয়ে অপহৃত মংপুকে উদ্ধার করবে।
একইভাবে চেমি ডলুপাড়া ও রাজবিলা ইউনিয়ন সদরেও উদ্বুদ্ধকরণ সমাবেশ হয়। সেখানেও জেলা পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন। সমাবেশে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার ও মংপুকে উদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর জানান, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গতকাল অবরোধে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় এবং বান্দরবান সদর উপজেলার কুহালং ও রাজবিলা ইউনিয়নে কোনো যানবাহন চলাচল করেনি।
গতকাল বান্দরবান জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে জামছড়িপাড়ায় গিয়ে দেখা যায়, এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। এ সময় অপহরণ সম্পর্কে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
রাজবিলা ইউপির সাবেক চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, সোমবারের (আজ) মধ্যে মংপুকে মুক্তি না দিলে মঙ্গলবার থেকে নোয়াপতং, রাজবিলা ও কুহালং ইউনিয়নের মানুষ মংপুকে রাখার সম্ভাব্য স্থান চিহ্নিত করে গণ-উদ্ধার অভিযান চালাবে।