অবরোধ স্থগিত তবে কর্মবিরতি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা গতকাল সন্ধ্যা ছয়টায় অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন, কিন্তু কর্মবিরতি অব্যাহত রেখেছেন। শ্রমিকদের ভাষ্য, ঈদের কারণে আপাতত অবরোধ তুলে নিয়ে কর্মবিরতি অব্যাহত রাখা হয়েছে। ঈদের পর ফের নতুন করে কর্মসূচি দেওয়া হবে।চাকরি স্থায়ীকরণসহ বেতন-বোনাস বাড়ানোর দাবিতে খনির সহস্রাধিক দেশি শ্রমিক গত মঙ্গলবার সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। এরপর গত বৃহস্পতিবার সকাল থেকে খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।সমস্যা নিরসনের জন্য খনি কর্তৃপক্ষ কয়েক দফা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু সুরাহা হয়নি। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বৈঠক হয়। বৈঠকে খনির সব শ্রমিককে দক্ষ শ্রমিক ঘোষণা, সপ্তাহে এক দিন ছুটি, পে-স্কেল অনুযায়ী প্রত্যেক শ্রমিককে বেতন প্রদানসহ শ্রমিকেরা কয়েক দফা দাবি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের ওই দাবিগুলো মেনে নিতে অপারগতা জানালে বৈঠক ভেস্তে যায়।বৈঠকে উপস্থিত ছিলেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, খনি কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শ্রমিকদের প্রতিনিধিরা।আন্দোলনকারী শ্রমিকদের সংগঠন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, ‘আমাদের ন্যায়সংগত দাবিগুলো কর্তৃপক্ষ মানতে রাজি হয়নি। সামনে ঈদ, তাই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে কর্মবিরতি চলবে।’খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী বেতন ও বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন নতুন করে ২৬ দফার একটি দাবি জানিয়ে তাঁরা গতকাল বিকেলে স্মারকলিপি দিয়েছেন।