পাঁচ দফা দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। দাবি না মানলে আগামী রোববার থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমিকনেতারা। জেলা প্রশাসকের অনুরোধে শুক্র, শনি ও রোববার অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন তাঁরা। তবে ধর্মঘট অব্যাহত থাকবে।
গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি নিয়ে কাজে ফিরে যেতে বলেন। তবে জেলা প্রশাসকের ওই দাবি প্রত্যাখ্যান করেছেন শ্রমিকনেতারা।
এদিকে শ্রমিকেরা গতকালও টানা ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় নগরের খালিশপুর এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে খুলনা রেল কর্তৃপক্ষ।
খুলনার দুটি ও যশোরের একটি স্থানে অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন বাস ও ট্রেনের যাত্রীরা। গতকাল সকালে খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে অপেক্ষায় আছেন অনেক যাত্রী। এঁদেরই একজন মোস্তাফিজ আলম বলেন, সকাল সাড়ে ছয়টায় রাজশাহীর ট্রেন ধরার জন্য বটিয়াঘাটা থেকে ভোর সাড়ে চারটার দিকে স্টেশনের উদ্দেশে রওনা হয়েছেন। এসে দেখেন ট্রেন নেই। শ্রমিকদের অবরোধ চলায় যশোরের নওয়াপাড়া থেকে ট্রেনটি ছাড়বে। কিন্তু ওই সময়ের মধ্যে নওয়াপাড়া পৌঁছানো সম্ভব নয় বলে দুপুরের রাজশাহী ট্রেনের জন্য অপেক্ষা করছেন তিনি।
খুলনার স্টেশনমাস্টার কাজী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের অবরোধের কারণে খুলনা থেকে সকালের সব ট্রেন রাতেই নওয়াপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই সঠিক সময়ে ট্রেনগুলো ছাড়বে। যেসব যাত্রী আগে থেকে ট্রেনের টিকিট কেটেছিলেন তাঁদের নওয়াপাড়া থেকে উঠতে অনুরোধ করা হয়েছে। আর যাঁরা অপারগ তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
স্টেশনমাস্টার জানান, খুলনা থেকে প্রতিদিন সকালে ছয়টি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যায়। এসব ট্রেনে এই স্টেশন থেকে প্রায় আড়াই হাজার যাত্রী ওঠানামা করেন।
খুলনার বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার থেকে জানা গেছে, যশোর, ঢাকা, কুষ্টিয়ার বাসগুলো অনেকটা ঘুরে চুকনগর হয়ে অথবা বাইপাস সড়ক দিয়ে যশোরে যাতায়াত করছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খুলনা-নওয়াপাড়াগামী যাত্রীরা। এ পথের যাত্রীদের প্রায় তিন কিলোমিটার পথ হেঁটেই পার হতে হয়েছে।
শ্রমিকদের এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। ওই পরিষদের সদস্যসচিব জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি দিয়ে কাজে ফিরে যেতে বলেছেন। আমরা সেই দাবি প্রত্যাখ্যান করেছি। তবে তাঁর অনুরোধে আগামী কয়েক দিন অবরোধ কর্মসূচি থেকে আমরা বিরত থাকব। কাল (শুক্রবার) বিকেল চারটায় ক্রিসেন্ট জুট মিলের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’