অবরোধ-হরতালে বন্ধ হয়ে যাচ্ছে মুরগির খামার
টানা হরতাল-অবরোধে একদিকে মুরগির খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটছে, আরেক দিকে মুরগির দাম যাচ্ছে কমে। এতে বিপাকে পড়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার খামারিরা। তাঁরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এই অবস্থায় উপজেলার বেশির ভাগ খামার বন্ধ হয়ে গেছে।
উপজেলার তিনজন খাদ্য ব্যবসায়ী ও সাত-আটজন খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, মুরগির মাংস ও ডিমের চাহিদা থাকায় এ উপজেলার অনেক বেকার যুবক মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু টানা অবরোধ-হরতাল চলতে থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সবকিছুর সঙ্গে মুরগির খাদ্য ও মুরগি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। অবরোধ-হরতালের আগে এক বস্তা খাদ্যের যেখানে দাম ছিল এক হাজার ৯০০ টাকা, বর্তমানে তার দাম নেওয়া হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার ১০০ টাকা পর্যন্ত। তার পরও এ দামেও প্রত্যাশিত পরিমাণ খাদ্য মিলছে না।
খামারিরা আরও জানান, এক দিকে চাহিদামতো খাদ্য সরবরাহ না থাকায় মুরগির খাদ্যসংকট দেখা দিয়েছে। অপর দিকে খামারের মুরগি বিক্রি করতে না পারায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় অনেকে খামার বন্ধ ঘোষণা করে ফেলেছেন। অবরোধ-হরতালের আগে যেখানে এ উপজেলায় ৪৩০টি খামার ছিল, এই কদিনে সেই সংখ্যা নেমে ১৫০টিতে এসে দাঁড়িয়েছে।
উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের খামারি ইয়াছিন আলী (৪২) বলেন, ‘হরতাল-অবরোধের কারণে মুরগির খাদ্যসংকট দেখা দিয়েছে। দুই দিনের খাবার তিন দিন চালাতে হচ্ছে। এখন তা-ও পাওয়া যাচ্ছে না। কিন্তু এরপর খাবারই পাওয়া না গেলে কীভাবে মুরগি বাঁচিয়ে রাখব তা নিয়ে চিন্তায় আছি।’
কুড়াহার গ্রামের খামারি তাজুল ইসলাম (৪০) বলেন, ‘খামারে ৬০০ ব্রয়লার মুরগি ছিল। এর মধ্যে ৩০০টি বিক্রি করতে পেরেছি। অন্যগুলো ক্রেতার অভাবে বিক্রি করতে পারছি না। ১১৬ টাকা কেজি দরের মুরগি এখন ৯৩ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না।’
ছাতুয়া গ্রামের খামারি গোলজার হোসেন (৩৫) বলেন, অবরোধের কারণে চাহিদামতো খাদ্য সরবরাহ হচ্ছে না। এ কারণে বস্তাপ্রতি ১০০ টাকা থেকে ২০০ টাকা বেশি দিয়ে এখন তাঁদের খাদ্য কিনতে হচ্ছে। আবার এক দিনের বাচ্চার দামও গেছে বেড়ে। আগে যে বাচ্ছা ১৮ টাকা ছিল। এখন সেই বাচ্ছার দাম হয়েছে ৩১ টাকা। একই গ্রামের আনোয়ার হোসেন বলেন, তিনি এ অবস্থায় খামারে আর মুরগির বাচ্ছা তুলছেন না। দেশের পরিস্থিতি ভালো হলে তখন আবার খামার করার কথা চিন্তা করবেন।
উপজেলার আমতলী বাজারের মুরগির খাদ্য ব্যবসায়ী জগলুর রহমান বলেন, অবরোধ-হরতালে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। প্রত্যাশিত খাদ্য না পেয়ে খামারিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। খাদ্যের দাম বাড়ছে, মুরগির দাম কমছে। এভাবে চলতে থাকলে খামারিদের ব্যাপক লোকসান গুনতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম সামছুদ্দিন বলেন, ‘অবরোধের কারণে কিছুটা হলেও খাদ্যসংকট দেখা দিয়েছে।’