অবরোধকারী-পুলিশের সংঘর্ষের বলি শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী বাজার এলাকায় আজ সোমবার ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ এক পথচারী শিশু নিহত হয়েছে। পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

নিহত শিশুটির নাম সুমন সরকার ওরফে হূদয় (১২)। তার বাবার নাম বাবলু মিয়া। তাদের বাড়ি বহুলী পশ্চিমপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে যায়। অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ শুরু হয়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে পলিশ। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শিশু হূদয় নিহত হয়। আহত হয় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের ভাষ্য, অবরোধকারীরা পুলিশের গাড়ি দেখে গুলি, ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এ সময় অবরোধকারীরা চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলে। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। শিশুটি কাদের গুলিতে নিহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাল হরতাল

ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

আজ বেলা দুইটার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, নিহত শিশুটির বাবা আনোয়ার হোসেন বিএনপির কর্মী।