অবরোধকারীদের গুলি ছুড়ে জবাব দিলেন বদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির গাড়িবহরে হামলা চালিয়েছে অবরোধকারীরা। এ সময় তিনি নিজেই গুলি ছুড়ে হামলার জবাব দেন। পরে পুলিশ প্রহরায় গন্তব্যস্থলে পৌঁছান। রামু উপজেলার লালব্রিজ এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতারা বলেন, দুপুর ১২টার দিকে সাংসদ বদি আসন্ন নির্বাচনে কক্সবাজার-৪ আসনে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে উখিয়া সদরে রওনা দেন। তাঁর সঙ্গে থাকা তিনটি গাড়ির একটি বহরে ছিলেন দলীয় নেতা-কর্মীরা। গাড়িবহরটি কক্সবাজার-টেকনাফ সড়কের রামু মরিচ্যা লালব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপি-জামায়াতের সমর্থক অবরোধকারীরা এর গতিরোধ করে। এ সময় বহরের ওপর তাঁরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে বদি গাড়ি থেকে নেমে আসেন এবং অবরোধকারীদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। পরে পুলিশ বদিকে প্রহরা দিয়ে গন্তব্যস্থল উখিয়ায় নিয়ে যায়।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরোধকারীদের ইটপাটকেলের মধ্যে বদি অক্ষত রয়েছেন। তিনি বেলা একটার পর উখিয়ায় মনোনয়নপত্র জমাদান শেষে আড়াইটার দিকে টেকনাফ এসে পৌঁছান।
এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ বদি গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করেন।
সাংসদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সরওয়ার জাহান বলেন, ‘লালব্রিজ এলাকায় সাংসদ বদি নিজেই গাড়ি থেকে নেমে অবরোধকারীদের দিকে ছয়টি গুলি ছোড়েন। এ সময় ১২ জন আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।’
জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ‘টেকনাফ সড়কের লালব্রিজ এলাকায় পৌঁছালে অবরোধকারীরা সাংসদ বদির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে দুটি ফাঁকা গুলি ছোড়েন। তাঁর বন্দুকটি লাইসেন্স করা।’