অবরোধকারীদের ফেলে রাখা পাথরে ট্রাক উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহমঞ্চদপুরে অবরোধকারীদের ফেলে রাখা পাথরের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোরে সিমেন্টবোঝাই রাজশাহীগামী একটি ট্রাক আহমঞ্চদপুর এলাকা দিয়ে যাওয়ার সময় মহাসড়কে অবরোধকারীদের ফেলে রাখা বড় একটি পাথরে চাকা উঠে উল্টে যায়। এতে ট্রাকের দুই শ্রমিক সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। তাঁরা হলেন রাজশাহীর ভানুরাতানোর গ্রামের হামিদ মিয়ার ছেলে জসিম (২৫) ও নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ইহাটী গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন (২০)।
নাটোরের বনপাড়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।