অবরোধকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ
১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বুধবার রাতে টঙ্গীর মিলগেট এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত আটটার দিকে বিএনপি-জামায়াতের অবরোধকারীরা মিলগেট এলাকায় মহাসড়কে ককটেলের বিস্ফোরণ ঘটান। এরপর সড়কে চলাচলরত একটি অটোরিকশায় আগুন দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও আবেদা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ সাতজনকেই কর্তব্যরত চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। গুলিবিদ্ধরা হলেন যুবলীগের তিনজন; আওয়ামী লীগের একজন এবং পথচারী তিনজন। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।