অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল, নড়াইল ও ঝিনাইদহে গতকাল বৃহস্পতিবার অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। অবরোধকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: সকালে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নড়াইল-কালনা সড়কের তালতলা স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালায়। এতে শিবিরের সাত কর্মী গুলিবিদ্ধ হন। গ্রেপ্তার এড়াতে তাঁরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান বলেন, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ চারটি শটগানের গুলি ছোড়ে।
সাতক্ষীরা: গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে, বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ও মাটির প্রাচীর দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন অবরোধ-সমর্থকেরা। ফলে সাতক্ষীরা জেলা শহরের সঙ্গে সারা দেশ ও উপজেলাগুলোর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে অবরোধের কারণে টানা ছয় দিন ধরে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওহেদুজ্জামান জানান, বাংলাদেশে ঢুকতে বন্দরের বিপরীতে ভারতের ঘোঝাডাঙ্গা বন্দর এলাকায় কয়েক হাজার পণ্যভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে।
ঝিনাইদহ: বেলা ১১টার দিকে শহরের চাকলাপাড়ায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল ভোরে বিএনপির চার কর্মীকে আটক করা হয়।
বরিশাল: সকাল আটটার দিকে নগরের পোর্ট রোডে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ আটটি গুলি ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির সাত নেতা-কর্মী আহত হন। কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাঁদের বাধা দেয়। তাঁরা হামলা চালালে পুলিশের দুই সদস্য আহত হন।