অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়ে গতকাল মঙ্গলবার দুপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কমপক্ষে ৫০টি টিয়ার শেল ও শতাধিক রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ দৃশ্য ধারণ করতে গেলে দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেমের মোটরসাইকেল পুড়িয়ে দেন অবরোধকারীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি গতকাল বেলা পৌনে ১২টায় দিনাজপুর রেলস্টেশনে প্রবেশের আগে অবরোধকারীরা ফুলবাড়ী বাসস্ট্যান্ডের কাছে রেলক্রসিংয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ট্রেনটিকে রেলস্টেশনে পাঠালে অবরোধকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা ট্রেন ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে রেলক্রসিংয়ের পাশে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের ওপর তুলে দেওয়ার চেষ্টা করেন এর চালক। বিষয়টি বুঝতে পেরে পুলিশের সদস্যরা দ্রুত নিজেদের সরিয়ে নিলে চালক ওই বাস রেললাইনের ওপর রেখে পালিয়ে যান। এরপর প্রায় ৪০ মিনিট ধরে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।