টানা অবরোধে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় অক্সিজেন সিলিন্ডার সংকটে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুসহ সাধারণ রোগীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তীব্র শীতে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বেশি বয়স্করাও শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। অবরোধের কারণে এসব রোগীর হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে। এ ছাড়া হাসপাতালে এসে তাঁরা বিভিন্ন সমস্যায় পড়ছেন। এ হাসপাতালে অস্ত্রোপচার ও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে প্রতি সপ্তাহে ৪৫ থেকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয়। এখন ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে।
গত মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ড ও সার্জারি ওয়ার্ডের প্রতিটি শয্যায় রোগী রয়েছে। শিশু ওয়ার্ডের এক কোনায় লাইন ধরে চলছে অক্সিজেন দেওয়ার কাজ। কোনোরকম অক্সিজেন মাস্কটি নাকেমুখে আটকে আবার খুলে নেওয়া হচ্ছে। একই চিত্র মিলেছে সার্জারি ও জেনারেল ওয়ার্ডেও।
কয়েকজন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের কারণে দূরদূরান্ত থেকে হাসপাতালে আসতে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। যানবাহন না থাকায় ইঞ্জিনচালিত নছিমন ও করিমনে চড়ে হাসপাতালে এসে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। তবে শ্বাসকষ্টজনিত রোগে আক্রন্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েও ঠিকমতো সেবা পাচ্ছেন না।
জেলা সদরের আটুয়া গ্রামের আমিনুল ইসলাম জানান, তিনি তাঁর শিশু ভাগনেকে নিয়ে দুই দিন ধরে হাসপাতালে রয়েছেন। শিশুটি শ্বাসকষ্টে ভুগছে। চিকিৎসকেরা তাকে নিয়মিত অক্সিজেন দিতে বলেছেন। কিন্তু অক্সিজেন ঠিকমতো দেওয়া হচ্ছে না।
হাসপাতালের ভান্ডার রক্ষক আবদুল মজিদ জানান, হাসপাতালে মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ব্যবহারের পর প্রতি সপ্তাহে রাজশাহী ও প্রয়োজনে ঢাকা থেকে এগুলো ভর্তি করে আনা হয়। কিন্তু অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকায় ও অক্সিজেন ঝুঁকিপূর্ণ পদার্থ হওয়ায় তা বহন করা সম্ভব হচ্ছে না। ফলে কিছুটা সংকটের মধ্য দিয়েই দিন পার করতে হচ্ছে।
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক মনোয়ার-উল-আজিজ বলেন, ‘প্রতি সপ্তাহে অক্সিজেনের সিলিন্ডার ভর্তি করে না আনলে একটু সংকটে পড়তে হয়। টানাটানির মধ্যে আছি। তবে পুরো শূন্য হয়নি এখনো। আমরা বিকল্প উপায়ে অক্সিজেন সংগ্রহের চেষ্টা করছি। এভাবে অবরোধ চললে হাসপাতালে শুধু অক্সিজেন নয়, অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকটও ভয়াবহ হতে পারে।’