অবরোধে অগ্নিসংযোগ বিস্ফোরণ ও সংঘর্ষ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল শনিবার যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান গতকাল খুলনা থেকে যশোরে আসছিলেন। পথে বেলা তিনটার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় অবরোধকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন। এ সময় বিজিবির জওয়ানেরা লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। পরে অবরোধ-সমর্থকেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে জওয়ানেরা কয়েকটি ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বিজিবির গাড়ি ঘটনাস্থল ত্যাগ করার পরই অবরোধকারীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
খুলনা: নগরের শেরেবাংলা সড়কে ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সোনাডাঙ্গা থানার পুলিশ শিবিরের দুই কর্মীকে আটক করে। এ ছাড়া সকাল আটটায় নগরের কেডিএ অ্যাভিনিউ এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন এবং দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
নড়াইল: অবরোধকারীরা গতকাল ভোরে নড়াইল-মাগুরা সড়কের ঘোড়াখালী এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা একটি ইজিবাইকে অগ্নিসংযোগ করেন। তাঁরা নড়াইল-কালনা সড়কের তালতলা এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেন। এ সময় ১৫-১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যান।
সাতক্ষীরা: জেলা শহরের অদূরে কদমতলা এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন। সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলীপুর চেকপোস্ট এলাকায় সড়ক অবরোধ ও সমাবেশ করেন অবরোধ-সমর্থকেরা। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, কুল্লা বুধহাটাসহ বিভিন্ন উপজেলায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন অবরোধ-সমর্থকেরা।
বরিশাল: বিএনপি ও জামায়াতের কর্মীরা গতকাল সকালে নগরে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন। সকাল ছয়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর চৌমাথা এলাকায় মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে দুই থেকে তিন মিনিট স্থায়ী একটি বিক্ষোভ মিছিল বের হয়। সকাল সোয়া সাতটায় একই রকম বিক্ষোভ করেছেন মহানগর জামায়াতের নেতা-কর্মীরা। তাঁরা নবগ্রাম সড়কের পশু হাসপাতালের সামনে ও বাজার রোড এলাকায় মিছিল করেছেন।
মাগুরা: শহরের অদূরে আখ সেন্টার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করার সময় গতকাল সকাল সাতটার দিকে পুলিশ ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করে। তাঁরা হলেন মাগুরা সদর উপজেলা জগদল ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রইচ উদ্দিন (২৫) ও মহমঞ্চদপুরের রাজাপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হুমায়রা হোসেন (২২)।