অবরোধে অচল দক্ষিণাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। খুলনা, পটুয়াখালী, পিরোজপুর, মাগুরা ও মেহেরপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। এসব ঘটনায় অনেককে আটক করেছে পুলিশ।
এর আগে গত সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দেওয়া হয়। ফরিদপুরে অবরোধের সমর্থনে ট্রাকে আগুন দিলে এর চালক দগ্ধ হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: সকাল আটটার দিকে সিটি মেয়র মনিরুজ্জামানের নেতৃত্বে নগরে বিএনপির মিছিল বের হয়। রূপসা ট্রাফিক মোড়ে পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপির কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে মিছিলটি আলিয়া মাদ্রাসার সামনে গেলে সেখানেও পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। পুলিশ প্রায় ২০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। পরে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও মেয়র মনিরুজ্জামানের নেতৃত্বে ১৮ দলের নেতা-কর্মীরা পাওয়ার হাউস মোড়ে সড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিলে নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল বিনিময় হয়। সংঘর্ষে সহকারী পুলিশ কমিশনার, পাঁচ কনস্টেবল, মেয়র মনিরুজ্জামানসহ ১২ জন আহত এবং বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ সময় ২০টি ট্রাক ভাঙচুর করা হয়। পরে শ্রমিক লীগের মিছিলের লোকজনের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে ১৮ দলের পাঁচজনকে আটক করা হয়। এ সময় নগরের দৌলতপুর এলাকায় রেলের স্লিপারে আগুন দেওয়া হয়।
পটুয়াখালী: সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলীখালী ব্রিজ এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেন ১৮ দলের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা লাঠিমিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিএনপি-জামায়াতের সাত কর্মী আহত হন। এর আগে সেখানে একটি বাস ও টমটম ভাঙচুর করা হয়। সোমবার রাতে মির্জাগঞ্জ উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ ও পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
পিরোজপুর: সকালে সদর উপজেলার ভৈরমপুর এলাকায় পিরোজপুর-নাজিরপুর সড়ক অবরোধ করা হয়। বেলা ১১টার দিকে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা সেখানে গেলে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির ১৩ কর্মী আহত হন। এদিকে বেলা ১১টার দিকে মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশ অবরোধ তুলে দেয়। সোমবার গভীর রাতে দেবীপুর সিনিয়র মাদ্রাসাসংলগ্ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের বাঁশবুনিয়ায় বেইলি সেতুর দুটি প্লেট উপড়ে ফেলা হয়। এ ঘটনায় জামায়াত ও যুবদলের তিন কর্মীকে আটক করা হয়।
মাগুরা: দুপুরে অবরোধকারীরা শহরের ঢাকা রোড এলাকায় তিনটি ট্রাক ভাঙচুর করেন। সকালে শালিখার সীমাখালীতে মাগুরা-যশোর সড়ক অবরোধ করা হয়। নাশকতার আশঙ্কায় শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার রাতে শহরে একাধিক ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ফরিদপুর: সকালে নগরকান্দা উপজেলার ঝাপরখালীতে ফরিদপুর-নগরকান্দা সড়কে দুটি পিকআপ ভাঙচুর করেন অবরোধকারীরা। এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর শহর বাইপাসের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর
এলাকায় কাঁকড়াবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। এতে ট্রাকের চালক আবদুল খালেক (৩২) দগ্ধ হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর: সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের রূপদিয়া, সিঙ্গিয়া, বসুন্দিয়া ও জামতলা এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন। বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে যান চলতে দেওয়া হয়নি। বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানো হলেও পণ্য নিয়ে ট্রাক বাইরে বের হয়নি। বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
মেহেরপুর: ভোর থেকেই গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কসহ অন্যান্য সড়ক অবরোধ করেন ১৮-দলীয় জোটের সমর্থকেরা। এ সময় শহরের কায়েমকাটা, রাজনগর ও বন্দর সড়কে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর গ্রামে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। রাজনগর সড়কে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৩টি গুলি ছোড়ে। জেলায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চুয়াডাঙ্গা: সকাল ১০টার দিকে শহরের সদর হাসপাতাল ও ফেরিঘাট সড়কে চারটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ চারজনকে আটক করে। সোমবার রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কে বা কারা আগুন দেয়। এতে কার্যালয়ের দরজা ও মেঝের মাদুর পুড়ে যায়। তবে বড় ধরনের ক্ষতি হয়নি
মাদারীপুর: ভোরে কালকিনি উপজেলার মেলকাইতে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ছাত্রদল। এ সময় পুলিশের লাঠপেটায় বিএনপির এক নেতা আহত হন।