অবরোধে অচল ফুলবাড়ী
এশিয়া এনার্জির কান্ট্রি প্রধান গ্যারি এন লাইয়ের ফুলবাড়ী আগমন ও খনি এলাকায় এসে মতবিনিময় করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ীতে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি এবং ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনের ডাকে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ সফল করতে আন্দোলনকারী দুটি সংগঠনের নেতাদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন। সকাল থেকেই পৌরসভার বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর হয়। অবরোধের কারণে সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। অনেকে মহাসড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহার করেন।
অবরোধ চলাকালে বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার মেয়র মর্তুজা সরকারের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে আসে। এখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক পৌর মেয়র মর্তুজা সরকার মানিক, সদস্যসচিব সাংবাদিক শেখ সাবীর আলীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
মর্তুজা সরকার মানিক বলেন, সরকারি সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে এশিয়া এনার্জির প্রধান গ্যারি এন লাইয়ের ফুলবাড়ী আসা ধৃষ্টতার শামিল। তাঁর আগমন শান্তিপ্রিয় ফুলবাড়ীর হৃদয়কে বিক্ষুব্ধ করেছে। তিনি এশিয়া এনার্জির কমিশনভোগী দালালসহ গ্যারি এন লাইকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বেলা তিনটার দিকে একই স্থানে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদস্যসচিব জয়প্রকাশ গুপ্ত প্রমুখ।
পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, দুটি সংগঠনের নেতারা ফুলবাড়ীতে শান্তিপূর্ণ অবরোধ পালনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গ্যারি এন লাই গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী শহরে আসেন। রাতে তিনি ফুলবাড়ী শহরের বিভিন্ন এলাকায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও কোম্পানির সমর্থকদের সঙ্গে তিনটি মতবিনিময় সভা করেন। তাঁর আগমনের প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফুলবাড়ীতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।