অবরোধে আগাম আলু নিয়ে বিপাকে চাষিরা
আগাম আলু চাষ করে টানা অবরোধের কারণে বিপাকে পড়েছেন নীলফামারীর আলুচাষিরা। বাড়তি মুনাফার আশায় তাঁরা অতিরিক্ত টাকা ব্যয় করে আগাম জাতের আলু চাষ করেছেন। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার কিশোরগঞ্জ উপজেলায় আগাম আলু ওঠার সময় হয়ে গেলেও ক্রেতার অভাবে জমি থেকে আলু তুলছেন না কৃষকেরা। গত বুধবার বিকেলে কথা হয় উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি গ্রামের কৃষক খয়ের উদ্দিনের (৬৫) সঙ্গে। তিনি বলেন, ‘বেশি দামের আশাত হামরা আগাম আলু গারছি। কিন্তু দেশের যে অবস্থা, কিসের বলে অবরোধ, হরতাল। এলা নিরুপায় হয়্যা হাটত কম দামে আলু বেচাইছি। বেটির বিয়া দিছি, দেনা আছে। আশা আছিল, বেশি দামে আলু বেচে সে দেনা মিটাইম। আর হইল না।’ তিনি জানান, ঢাকার ব্যবসায়ীরা আসতে না পারায় তিনি স্থানীয় বাজারে ১৮-২০ টাকা কেজি দরে আলু বেচতে বাধ্য হচ্ছেন। গত বছর আগাম জাতের প্রতি কেজি আলু ৫০ টাকায় বিক্রি করেছিলেন।
একই গ্রামের কৃষক মিনারুল (৪৫) বলেন, ‘আলুর বয়স হয়া গেইছে। বাধ্য হয়্যা কিশোরগঞ্জ হাটত কম দামত ব্যাচের নাগেছে।’
স্থানীয় আলু ব্যবসায়ী মঞ্জুরুল হক (৪৫) বলেন, ‘আমি আগাম আলু কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করি। কিন্তু অবরোধের কারণে কোথাও এই আলু পাঠাতে পারছি না। এদিকে আলুর দাম প্রতিদিনই কমে আসছে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা দেব দুলাল মোহন্ত জানান, সারা দেশের মধ্যে কিশোরগঞ্জে প্রথম আগাম আলু ওঠে। এখানকার অনেক প্রান্তিক ও মাঝারি ধরনের চাষি আগাম আলু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এবার টানা অবরোধ আর হরতালে তাঁরা বিপাকে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলায় এ বছর ৪ ডিসেম্বর পর্যন্ত নয় হাজার ৬৪০ হেক্টর জমিতে আগাম আলুর আবাদ হয়েছে। এর মাত্র ৫৮ হেক্টর জমির ফসল তুলতে পেরেছেন কৃষক। বাকিটা খেতেই রয়ে গেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা বলেন, আগাম আলু রোপণের ৭৫ দিনের মধ্যে তুলতে হয়। কিন্তু কৃষকেরা ৬০ দিনের মধ্যেই সাধারণত এসব আলু বাজারজাত করেন। ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ট্রাক নিয়ে তা নিতে আসেন। কিন্তু এবার অবরোধে ব্যবসায়ীরা আসতে পারছেন না। বাধ্য হয়ে অনেক কৃষক স্থানীয় বাজারে কম দামেই এই আলু বিক্রি করছেন।