অবরোধে উত্তরের আট জেলায় পত্রিকা যায়নি
হরতাল ও অবরোধকারীদের বাধার মুখে গতকাল বুধবার প্রথম আলোসহ কোনো পত্রিকাবাহী গাড়ি উত্তরাঞ্চলের অধিকাংশ জেলা এবং বান্দরবান ও কক্সবাজারে পৌঁছাতে পারেনি। হরতাল-অবরোধে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন প্রথম আলোর যশোর প্রতিনিধি। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সড়ক-মহাসড়কে গাছ ফেলে, আগুন জ্বালিয়ে ও সেতু ভেঙে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় বগুড়া থেকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় কোনো জাতীয় দৈনিকের গাড়ি পৌঁছাতে পারেনি। তবে বিশেষ ব্যবস্থায় ও বিকল্প পরিবহনে পাঠানোর ফলে জয়পুরহাট, নওগাঁ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে পাঠকেরা প্রায় তিন ঘণ্টা দেরিতে প্রথম আলো হাতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার কথা ছিল মঙ্গলবার রাতে। রায় কার্যকরের এ খবরে সন্ধ্যা থেকেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মহাসড়কে শত শত গাছ, বিদ্যুতের খুঁটি ও ইট ফেলে বগুড়ার সঙ্গে উত্তরাঞ্চলের অন্য জেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
পঞ্চগড়ের পত্রিকা পরিবেশক ও পাঠক সূত্রে জানা যায়, অবরোধ ও হরতালের কারণে মাঝেমধ্যেই পত্রিকাবাহী গাড়ি পঞ্চগড়ে আসতে পারছে না। এতে জেলার প্রায় অর্ধশত সংবাদপত্রসেবীসহ (হকার) পরিবেশক আর্থিকভাকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার পাঠকেরা প্রথম আলোসহ দুটি পত্রিকা পড়তে পারেননি। পত্রিকা ব্যবসায়ী আমিনুল ইসলাম ও নূরুল হক বলেন, বগুড়া থেকে প্রথম আলো ও করতোয়া পত্রিকা বহনকারী গাড়ি দীর্ঘ সময় আটকে থাকার পর বগুড়ায় ফিরে যায়। এ জন্য রায়গঞ্জসহ এ অঞ্চলের কোনো এলাকায় এ দুটি পত্রিকা যায়নি।
অবরোধকারীদের বাধার মুখে গতকাল সকাল ১০টার দিকে প্রথম আলোসহ পত্রিকা বহনকারী তিনটি মাইক্রোবাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় আটকা পড়ে। পরে স্থানীয় পত্রিকা এজেন্ট সাতকানিয়া থানা পুলিশের পাহারায় গাড়িগুলো কেরানীহাট পর্যন্ত নেন।
কক্সবাজার সদরসহ জেলার কোনো উপজেলার পাঠক পত্রিকা পাননি। সাতকানিয়া কেরানীহাটের পত্রিকা এজেন্ট মোহাম্মদ ইব্রাহিম বলেন, পুলিশের সহায়তায় পত্রিকা বহনকারী তিনটি মাইক্রোবাস কেরানীহাট পর্যন্ত আনতে পারলেও মহাসড়কের ওপর প্রতিবন্ধকতার কারণে গাড়িগুলো কক্সবাজারে যেতে পারেনি।
বান্দরবান-চট্টগ্রাম-কেরানীহাট সড়কের সুয়ালক-সাতকানিয়ার কেরানীহাট অংশে জামায়াত-শিবিরের কর্মীরা গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পত্রিকাবাহী গাড়িসহ কোনো যানবাহন বান্দরবানে ঢুকতে পারেনি। মঙ্গলবার রাত থেকে বান্দরবানের সঙ্গে কেরানীহাটের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
এদিকে গতকাল হরতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম দুই দফায় হরতাল-সমর্থদের হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে সকালে মনিরামপুরের রাজগঞ্জ যাওয়ার সময় সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতাল এলাকায় প্রথম হামলার শিকার হন মনিরুল। এ সময় তাঁর মোটরসাইকেলের ওপর আধলা ইট ছুড়ে মারা হয়। পরে রাজগঞ্জ থেকে ফেরার পথে শহরের চাঁচড়া এলাকায় হরতাল-সমর্থকেরা গতিরোধ করে তাঁকে নামিয়ে বাঁশ ও ইট দিয়ে মোটরসাইকেল ভাঙচুর করেন। জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে ছাত্রদলের ডাকে গতকাল যশোরে হরতাল পালন করা হয়।