অবরোধে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের
‘তিন পোলাম্যায়া ও স্ত্রী নিয়ে পাঁচজনের সংসার চলে ছোট এই হোটেলের রোজগারে। বেচাকিনা ভালো অইলে ৩০০ থেইক্যা ৪০০ ট্যাকা লাভ থাহে। অ্যাক পোলা ও অ্যাক ম্যায়া স্কুলে পড়ে। রুটি বেইচ্যা যা পাই, তা দিয়া কোনো রহমে ডাইল-ভাত খাওন যায়। কিন্তু অবরোধের লেইগ্যা গাড়ি চলাচল কইম্যা গেছে, যাত্রীও কম। তাই বেচাকেনাও অনেক কইম্যা গ্যাছে। এহন পোলাম্যায়ার লেহাপড়া তো দূরের কথা খাওনদাওনের খরচ জুগানোই দায় হইয়া পড়চে।’
গত শনিবার বিকেলে পাটুরিয়া ঘাটে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেগুরী গ্রামের মেহেদী হাসান এভাবেই তাঁর কষ্টের কথাগুলো বলছিলেন। তিনি পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় সড়কের পাশে রুটির দোকান দিয়েছেন।
পাশের হোটেলের আবদুল গফুরও কষ্টের কথা জানালেন। তিনি জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন তাঁর চার থেকে পাঁচ হাজার টাকার ভাত-রুটি বিক্রি হয়। গত কয়েক দিনের অবরোধের কারণে যানবাহন কমে যাওয়া ৩০০-৪০০ টাকা বিক্রি করা যায়।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে। বিএনপির ডাকা অবরোধে কারণে নেতিবাচক প্রভাব পড়েছে এ এলাকার দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জীবনযাপনে।
ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া ও দৌলতদিয়ায় সহস্রাধিক হকারদের (দিনমজুর) এ ঘাট থেকে আয়রোজগার দিয়েই তাঁদের সংসার চলে। এসব হকারের মধ্যে কেউ ঝালমুড়ি, কেউ সেদ্ধ ডিম, কেউ বিভিন্ন ধরনের পানীয় আবার কেউ চা-বিস্কুট ফেরি করে বেড়ান।
ফেরিতে ঘুরে ঘুরে সেদ্ধ ডিম বিক্রি করেন শিবালয়ের সরিষাবাড়ী গ্রামের মন্টু মিয়া (২৮)। তিনি বলেন, ‘আমাগো কষ্ট কেউ দ্যাহে না। নেতারা আছে তাগো ক্ষমতা দহল নিয়া!’
গত শনিবার সরেজমিনে দেখা যায়, অবরোধে কারণে পাটুরিয়া ঘাট এলাকায় কর্মচাঞ্চল্য স্বাভাবিক অবস্থার তুলনা অনেকটাই কম। ফেরিতে কমসংখ্যক দূরপাল্লার বাস পারাপার হচ্ছে। ঘাট এলাকায় মুদি দোকান, ফলমূলের দোকান ও খাবার হোটেলে লোকজনের সমাগম একেবারেই কম। লঞ্চেও যাত্রীর সংখ্যা কমে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান বলেন, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রতিদিন গড়ে দুই হাজার যানবাহন পারাপার হয়। এতে ২৫ থেকে ২৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। কিন্তু অবরোধের কারণে তা অর্ধেকে নেমে এসেছে। তবে গত দুদিন ধরে যানবাহনের সংখ্যা বাড়ছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধ কর্মসূচিতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের কষ্টটা বেশি। আমাদের দেশের রাজনীতিকদের তাঁদের রাজনৈতিক স্বার্থের পাশাপাশি নাগরিকদের স্বার্থটাও দেখতে হবে।